হূমায়ুন রোডের মাঠ মাদকের আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর বি–ব্লকের হূমায়ুন রোডে নবীন সংঘ মাঠের উত্তর পাশের একটি অংশ থেকে নিরাপত্তা বেষ্টনী​র রেলিং কে বা কারা খুলে নিয়ে গেছে l ছবি: প্রথম আলো
মোহাম্মদপুর বি–ব্লকের হূমায়ুন রোডে নবীন সংঘ মাঠের উত্তর পাশের একটি অংশ থেকে নিরাপত্তা বেষ্টনী​র রেলিং কে বা কারা খুলে নিয়ে গেছে l ছবি: প্রথম আলো

সন্ধ্যা নামলেই মোহাম্মদপুর বি-ব্লকের হূমায়ুন রোডের নবীন সংঘ মাঠ ও চারপাশের সংযোগ সড়কগুলো নানা বয়সী মাদকসেবী ও মাদক ক্রেতা-বিক্রেতাদের দখলে চলে যায়। সড়ক, ফুটপাত, মাঠ ও আশপাশের বিভিন্ন বাড়ির সামনে বসে মাদকসেবীদের আড্ডা। বাসিন্দারা এসব নিয়ে চরম বিরক্ত।
কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কয়েক বছর ধরে এ চিত্র প্রায় অপরিবর্তিত অবস্থায় আছে। কোনোভাবেই মাদকসেবী, ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা থামানো যাচ্ছে না। দিন দিন এ যন্ত্রণা বাড়ছেই। লোকজন সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পায়, বের হলেও নাক-মুখ চেপে চলাফেরা করে। বাতাসে গাঁজার গন্ধ ভেসে বেড়ায়। হূমায়ুন রোডের কয়েকটি লেনে বসবাসকারী একাধিক ব্যক্তির অভিযোগ, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের (বিহারিদের থাকার জায়গা) লোকজন নবীন সংঘ মাঠের চারপাশে মাদক সেবন ও বিক্রি করে। বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে মাদক কিনতে আসে। ক্যাম্পের লোকদের কিছু বললে ওরা অত্যাচার করে। এলাকা বসবাসের অযোগ্য করে তোলে, মাঝেমধ্যে মারধরও করে।
মহল্লাবাসী ও স্থানীয় ব্যবসায়ী শাহদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ খুবই খারাপ। বাড়ির সামনে বসে গাঁজা খায়। কিছুই বলা যায় না। ওরা ভীষণ ভয়ংকর। ওদের অত্যাচারে লোকজন অতিষ্ঠ।’
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, মাঠের পূর্ব পাশে ডান দিকে আছে নবীন সংঘ ক্লাব ঘর, বাঁ দিকে আছে ওয়াসার পানির পাম্প। মাঠের বাকি অংশে খেলার জায়গা। মাঠের ভেতরে সিগারেটের প্যাকেট, কাগজ, সিগারেটের ফিল্টার ও ছোট ছোট করে কাটা পলিথিন ছড়িয়ে আছে। মাঠের উত্তর ও দক্ষিণ পাশের দুই জায়গা থেকে নিরাপত্তাবেষ্টনী হিসেবে লাগানো লোহার রেলিং উধাও। মূল গেট দিয়ে না ঢুকে লোকজন ওই দুই ফাঁক দিয়ে প্রবেশ করছে।
নবীন সংঘ মাঠের দেখাশোনার দায়িত্বে থাকা আজিজুল করিম প্রথম আলোকে বলেন, ‘মাঠ বন্ধ হওয়ার পর মাঠে ঢোকার জন্য বিহারি ক্যাম্পের লোকজন লোহার রেলিং খুলে ফেলেছে। বিহারিদের ছেলেমেয়েরাই মাঠ দখল করে রাখে, আবাসিকের ছেলেমেয়েরা ঢোকার সুযোগ পায় না।’
হূমায়ুন সড়কের ছয়টি সংযোগ সড়ক বা লেন আছে। তার মধ্যে ৩, ৪, ৬ ও মাঠের আশপাশেই সবচেয়ে বেশি মাদক সেবন ও কেনাবেচা চলে। হুমায়ূন সড়কের নিরাপত্তারক্ষী আবদুল গফুর বলেন, ‘সন্ধ্যা হলেই মাঠের ওয়াক ওয়ের ওপরে বসে বিহারি ক্যাম্পের লোকেরা গাঁজা সেবন করে। অনিরাপত্তা আর বাজে পরিবেশের কারণে আবাসিকের পুরুষ-মহিলারা এখন আর মাঠে হাঁটতে আসেন না। ছেলেমেয়েরাও খেলতে ঢোকে না।’
জানা যায়, এ এলাকায় মদ, গাঁজা আর ইয়াবা বড়ি সেবন ও বিক্রি করা হয়। হূমায়ুন রোডের পশ্চিম পাশে, চালতাতলায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিভিন্ন সময় ক্যাম্পের লোকেরাই মোটরসাইকেল ব্যবহার এসব ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
বিষয়টি জানালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছি, মোবাইল কোর্ট বসিয়েছি, অনেককে আটকও করেছি। কিন্তু কোনোভাবেই ওদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ওরা খুবই উচ্ছৃঙ্খল। আমরা আবারও ওই এলাকায় অভিযান চালাব, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করব।’