হৃদরোগ, ক্যানসার ডায়াবেটিস দেশের জন্য বোঝা
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক মো. আবদুল মালিক বলেছেন, ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চরক্তচাপ, ক্যানসার—এসব অসংক্রামক রোগ দেশের জন্য বড় ধরনের অর্থনৈতিক বোঝা। এসব রোগে আক্রান্ত মানুষের কর্মক্ষমতা কম এবং চিকিৎসাব্যয় বেশি।
গতকাল রোববার রাজধানীর বারডেম হাসপাতালে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক আবদুল মালিক এ কথা বলেন। ভুল খাদ্যাভ্যাস ও কায়িক শ্রম কম হওয়ার কারণে মানুষ অসংক্রামক ব্যাধিতে বেশি আক্রান্ত হচ্ছে। মানুষকে সচেতন করে এর প্রকোপ কমানো সম্ভব। তিনি বলেন, সরকারের একার পক্ষে এই সমস্যা মোকাবিলা করা কঠিন। এনজিও ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সরকারকে সহায়তা দিতে হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডায়াবেটিস দিবস পালন করে। ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতি গতকাল সকালে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত পদযাত্রার আয়োজন করে। বেলা ১১টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আর দুপুর ১২টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ৯৫ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসের রোগী। এর ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। তিনি বলেন, মানুষকে সচেতন করে ডায়াবেটিসের প্রকোপ কমানো সম্ভব।
অনুষ্ঠানে এ কে আজাদ খানের লেখা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: পথ-পরিক্রমা এবং মোহাম্মদ আবদুল মজিদের লেখা স্বাস্থ্যসেবায় ৬০ বছর: বাংলাদেশে ডায়াবেটিক সমিতি নামের বইদুটির মোড়ক উন্মোচন করা হয়।
এ ছাড়া ডায়াবেটিস রোগে ঠিকভাবে চিকিৎসারীতি মেনে চলা ১০ জন আদর্শ রোগীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া রচনা প্রতিযোগিতায় তিনজন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।