হৃদয় মণ্ডলকে হয়রানি: চক্রান্তকারীদের খুঁজে বের করার দাবি
বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডলকে হয়রানির পেছনে থাকা চক্রান্তকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আলোচনা সভায় এ দাবি করা হয়। এর পাশাপাশি হৃদয় মণ্ডলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলা করেন। ওই দিনই হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ২৩ ও ২৮ মার্চ আদালতে তাঁর জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর ১০ এপ্রিল জামিনে কারামুক্ত হন হৃদয় চন্দ্র মণ্ডল। পরে তিনি শ্রেণিকক্ষেও ফেরেন।
আজকের সভায় আলোচকেরা বলেন, ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত সংখ্যালঘু শিক্ষকদের টার্গেট করে একের পর এক হয়রানিমূলক ঘটনা ঘটানো হচ্ছে। আবার তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তারও করা হচ্ছে। অপর দিকে এর পেছনে চক্রান্তকারীদের আড়ালে রাখার সযত্ন প্রয়াসও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষকদের উদ্বিগ্ন করে তুলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে এগিয়ে আসতে হবে।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ।
আজকের সভায় সভাপতিত্ব করেন অরুণ কুমার গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রণজিত নাথ।