হেপাটাইটিস প্রতিরোধে সমন্বিত কর্মসূচি নেওয়ার দাবি
দেশের মোট জনসংখ্যার চার থেকে সাত শতাংশ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এক থেকে তিন শতাংশ মানুষের দেহে আছে হেপাটাইটিস সি ভাইরাসের উপস্থিতি। প্রতিরোধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নিলে, যত সময় যাবে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে। হেপাটাইটিস প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি নেওয়া প্রয়োজন।গতকাল বুধবার জাতীয় জাদুঘরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, যকৃত রোগের চিকিৎসায় একটি হাসপাতাল প্রয়োজন। এ হাসপাতালে যকৃত প্রতিস্থাপনের বিষয়টি থাকা দরকার। লিভার ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান বলেন, সরকার হেপাটাইটিসসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদনের চেষ্টা করছে।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেন, হেপাটাইটিস রোগ প্রতিরোধে এখনই সচেতন হতে হবে। লিভার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, নবজাতককে ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস-প্রতিরোধী টিকা দেওয়া প্রয়োজন। সরকার সম্প্রতি এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে।বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও লিভার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব এম আনিসুর রহমান।