বাংলাদেশে যত দিন পর্যন্ত একজনও কর্মজীবী নারী থাকবেন, তত দিন এ দেশে হেফাজতে ইসলামের ১৩ দফা মানতে দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী নারী গণসমাবেশ আয়োজিত সংবাদ সম্মেলনে নারী ও মানবাধিকারকর্মীরা এ কথা বলেন।কাল শনিবার বেলা তিনটায় তোপখানা রোডে কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত অনুষ্ঠেয় প্রতিবাদী নারী গণসমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, ২৭ এপ্রিল নারী সমাবেশ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রতিবাদী নারী গণসমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মৌলবাদীরা সুযোগ পায় এমন কোনো বক্তব্য বা কর্মসূচি সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে যেন না দেওয়া হয়। পোশাকশিল্পের শ্রমিকনেত্রী নাজমা আখতার বলেন, সাভারের যে ভবনধস, তাকে দুর্ঘটনা বলা যাবে না। পোশাকশিল্পের মালিকেরা শ্রমিকদের জোর করে ডেকে এনে মেরে ফেলেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। লিখিত বক্তব্যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এতে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনের শুরুতেই সাভারে ভবন ধসে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাকশিল্পের মালিক ও ভবনের মালিকের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সংবাদ সম্মেলনের আয়োজকেরা। সংবাদ সম্মেলন এবং এ সমাবেশে উপস্থিত ছিলেন নারীনেত্রী শিরীন আখতার, রোকেয়া কবীর, হাজেরা সুলতানা, আফরোজা হক, উন্নয়নকর্মী খুশী কবির, রঞ্জন কর্মকার প্রমুখ।