হেরোইন পাচারকারী দুই পাকিস্তানি পাঁচ দিনের রিমান্ডে
১০ কেজি হেরোইনসহ গ্রেপ্তার হওয়া পাকিস্তানের দুই নাগরিক মো. হারুন অর রশিদ ও আল্লা বখশকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এ আদেশ দেন।মামলার এজাহারে বলা হয়, গত বুধবার বেলা দুইটায় পিআইএর একটি ফ্লাইটে পাকিস্তান থেকে ঢাকায় আসেন ওই দেশের দুই নাগরিক হারুন অর রশীদ ও আল্লা বখশ। তাঁরা শাহজালাল বিমানবন্দরের শুল্ক এলাকা পার হয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হয়ে যাচ্ছিলেন। তাঁদের চালচলন দেখে সন্দেহ হওয়ায় আর্মড ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা তাঁদের তল্লাশি করে। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। গতকাল এই দুজনকে সিআইডির পরিদর্শক শফিকুর রহমান আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁদের এ দেশীয় প্রতিনিধি ও পাচারকারী চক্রের উৎস জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।