হেরোইন বিক্রেতা মা ও মেয়ে গ্রেপ্তার
রাজধানীর আগারগাঁও থেকে ৮০০ গ্রাম হোরোইনসহ মা ও মেয়েকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া মা-মেয়ে হলেন করিমুন্নেসা (৫০) ও রনি (৩০)। এই দুজন ঢাকায় পাইকারিভাবে খুচরা বিক্রেতাদের হেরোইন সরবরাহ করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। মাদকদ্রব্যের ব্যবসার অভিযোগে তাঁদের নামে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, গত বুধবার রাত ১১টার দিকে আগারগাঁও বিএনপি বস্তির পানির পাম্প-সংলগ্ন রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মিরপুর সার্কেলের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি দল ওই অভিযান চালায়। এ সময় করিমুন্নেসার হাতে থাকা ব্যাগে চার হাজার ১২৬টি পুরিয়া (৪৫০ গ্রাম) এবং তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট প্যাকেটে রাখা আরও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রনির কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ব্যাগে ২০০ গ্রাম হেরোইন।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, করিমুন্নেসা ও রনির বিরুদ্ধে মোহাম্মদপুর, সূত্রাপুর, বাড্ডা ও খিলগাঁও থানায় একাধিক মামলা আছে। তাঁদের পরিবারের সবাই হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা আগারগাঁও বস্তি এবং তার আশপাশে হেরোইনের ব্যবসা নিয়ন্ত্রণ করেন। রনির স্বামী আবুল হোসেন হেরোইন মামলায় বর্তমানে কারাবন্দী। তাঁদের আরও ২০-২৫ জন সহযোগীর নাম পাওয়া গেছে। আটক এই দুই নারীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মিরপুর সার্কেল) পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানান, রনির স্বামী আবুল হোসেন ঢাকার অন্যতম একজন হেরোইনের ডিলার। দীর্ঘদিন ধরে তাঁরা হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা যশোরের বেনাপোল থেকে হেরোইন আনেন। তারপর রাজধানীর বিভিন্ন এলাকায় তা পাইকারিভাবে বিক্রি করেন।২০০৭ সালে রনি একবার গ্রেপ্তার হয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হাতে। এরপর তাঁর স্বামী আবুল হোসেন গ্রেপ্তার হন। তিনি কারাগারে থাকাকালীন ব্যবসা দেখাশোনা ও সম্পর্কগুলো রক্ষা করছিলেন রনি ও করিমুন্নেসা।