হেলমেট ব্যবহারের সচেতনতায় প্রদর্শনী
‘আপনি উত্তম চালক, তাই বলিয়া কেউ অধম চালক হইবে না কেন? হেলমেট পরুন, নিরাপদ থাকুন।’এই সচেতনতার স্লোগান নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘হেলমেট’ শীর্ষক চিত্র প্রদর্শনী। বিজ্ঞাপনী সংস্থা কোজিটো মার্কেটিং সলিউশনসের সহযোগী প্রতিষ্ঠান ‘থিংক’ এই প্রদর্শনীর আয়োজন করেছে। গত ১৬ ফেব্রুয়ারি গুলশান ১ নম্বরের দ্য গ্যালারিতে (বাড়ি-৭/বি, সড়ক-১৩) এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। আজ শুক্রবার তিন দিনের এ প্রদর্শনী শেষ হচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব এইচ চৌধুরী জানান, থিংকের এটি প্রথম প্রদর্শনী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী উপলক্ষে ‘থিংক উইথ কোজিটো’ নামে ফেসবুকে একটি পাতা খোলা হয়েছে। আজ থেকে হেলমেট নিয়ে করা লে-আউটগুলো এই পাতায় দেখা যাবে। এবারের প্রদর্শনী শুধু কোজিটোর কর্মীদের আলোকচিত্র নিয়ে আয়োজন করা হয়েছে।