হেলমেটে অনীহা নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলমেট থাকার কথা মাথায়। কিন্তু এই নারী মোটরসাইকেল আরোহী তা রেখেছেন হাতে। সম্প্রতি শাহবাগে।  ছবি: সাবরিনা ইয়াসমীন
হেলমেট থাকার কথা মাথায়। কিন্তু এই নারী মোটরসাইকেল আরোহী তা রেখেছেন হাতে। সম্প্রতি শাহবাগে। ছবি: সাবরিনা ইয়াসমীন

দ্রুত এবং স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পুরুষদের পাশাপাশি নারীরাও ইদানীং অ্যাপভিত্তিক মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা নিতে আগ্রহী হয়ে উঠছেন। তবে তাঁদের মধ্যে হেলমেট ব্যবহারে অনীহা দেখা যায়। হেলমেট দুর্ঘটনায় ক্ষতি কমাতে সহায়ক। এ কারণে নিরাপত্তার জন্য এটি ব্যবহার অত্যাবশ্যক।

ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন, নিরাপদ সড়ক আন্দোলনের পর মোটরসাইকেলে চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহারে সচেতনতা বেড়েছে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, ব্যক্তিগত কিংবা রাইড শেয়ারিংয়ে চলা মোটরসাইকেলচালক এবং অধিকাংশ পুরুষ যাত্রী নানা রঙের হেলমেট ব্যবহার করছেন। তবে প্রায়শই নারী যাত্রীদের হেলমেট ব্যবহার না করে হাতে নিয়ে বসে থাকতে দেখা যায়।

গত শনিবার বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনে মোটরসাইকেল থেকে নামেন শিক্ষার্থী স্নিগ্ধা রহমান। যাত্রার সময় হেলমেটটি তিনি মাথায় না পরে হাতে রেখেছিলেন। স্নিগ্ধা বলেন, ‘হেলমেট ঠিকমতো মাথায় বসে না। আর ব্যবহার করতেও কেমন অস্বস্তি লাগে।’ চাকরিজীবী নুজহাত ইসলাম অফিসে যাতায়াতে মাঝেমধ্যেই অ্যাপভিত্তিক মোটরসাইকেল ব্যবহার করেন। তিনিও হেলমেট ব্যবহার করেন না। তাঁর কথা, ‘হেলমেট ব্যবহার করতে ভালো লাগে না। হেলমেট পরলে চারপাশ আবদ্ধ লাগে।’ তবে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি।

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে নিবন্ধন করা সেবাগ্রহীতার সংখ্যা ৩০ লাখ। এর মধ্যে ১৫ শতাংশ নারী যাত্রী।

মোটরযান আইন অনুযায়ী, মোটরসাইকেল চালক ও আরোহী—উভয়ের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। হেলমেট ব্যবহার না করলে উভয়কে দুই শ থেকে এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৭ দফা নির্দেশনা জারি করা হয়। এর ৩ নম্বরেই ছিল ‘সব মোটরসাইকেল ব্যবহারকারীকে (সর্বোচ্চ দুজন আরোহী) বাধ্যতামূলক হেলমেট পরিধান এবং সিগন্যালসহ ট্রাফিক আইন মানতে বাধ্য করা।’ এর অংশ হিসেবে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রি বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে হেলমেট ব্যবহারের হার বাড়ছে বলে জানায় পুলিশ এবং রাইড শেয়ারিং প্রতিষ্ঠান।

পাঠাওয়ের তথ্যমতে, শুরুতে অনেক চালক ও আরোহী হেলমেট ব্যবহার করতে চাইতেন না। এখন সেই চিত্র অনেকখানি বদলে গেছে। এখন তাঁদের সেবাগ্রহীতাদের প্রায় ৯০ শতাংশ হেলমেট ব্যবহার করেন।

নারী বাইকারদের নিয়ে রাইড শেয়ারিং অ্যাপ ‘ওবোন’, প্রধান পরিচালন কর্মকর্তা কাজী ওমর ফেরদৌস প্রথম আলোকে বলেন, নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চালক-আরোহী সবার জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তারপরেও কোনো আরোহী হেলমেট ব্যবহার না করতে চাইলে প্রথমে তাঁদের ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। তাতে কাজ না হলে চালকদের রাইড বাদ দেওয়ার নির্দেশনা আছে।

অ্যাপভিত্তিক মোটরসাইকেলে যাতায়াত করা কয়েকজন নারী যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেলমেট পরার অভ্যাস না থাকা এর অন্যতম প্রধান কারণ। এ ছাড়া হেলমেটগুলো নারীদের ব্যবহার উপযোগী নয়। হেলমেটের বেল্ট ঠিকমতো থাকে না। দুর্গন্ধ ও ময়লা থাকে। তা ছাড়া ফ্যাশন এবং চুলের সাজ নষ্ট হয় বলেও অনেক নারী হেলমেট ব্যবহারে আগ্রহী হন না।

অনেক ক্ষেত্রে চালকেরা মামলা এড়াতে ব্যবহার না করলেও হেলমেটটি নারী যাত্রীদের হাতে রাখতে বলেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গত তিন বছরের হিসাবে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল থেকে। এর পরিমাণ ৩৪ শতাংশ। এরপর ট্রাক ও কাভার্ড ভ্যানে দুর্ঘটনা ঘটেছে ২৮ শতাংশ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে দুর্ঘটনার ক্ষতি কমাতে হেলমেটের বিকল্প নেই। দুর্ঘটনায় হেলমেট মোটরসাইকেল আরোহীদের জীবন রক্ষাকারী অন্যতম উপাদান। কিন্তু অনভ্যস্ততার কারণে নারীরা নানা অজুহাতে হয়তো ব্যবহার করছেন না। আরেকটি কারণ হতে পারে হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে অবগত না থাকা। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি হেলমেটের নামে যেনতেন কিছু একটা ব্যবহার করার প্রবণতাও কমাতে হবে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার লিটন কুমার সাহা বলেন, অধিকাংশ নারী হেলমেট ব্যবহার করেন না। তবে সামগ্রিকভাবে হেলমেট ব্যবহারকারীর হার বেড়েছে। আইনের পাশাপাশি নিজেদের সুরক্ষার জন্যও হেলমেট ব্যবহার করা দরকার বলে জানান তিনি।