হোটেল ওয়েস্টিনসহ ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিজাত হোটেল ওয়েস্টিনকে এক লাখ টাকা জরিমানা করেছেন।ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান এলাকার হোটেল ওয়েস্টিনে যান। এই সময় বিএসটিআইয়ের একাধিক কর্মকর্তা, পুলিশ এবং সাংবাদিকেরা আদালতের সঙ্গে ছিলেন। আদালত হোটেলে ঢুকে পাউরুটি, বিস্কুট, কেক—এসব তৈরির স্থান দেখতে চান। হোটেলটির নিচতলায় পাউরুটি, বিস্কুট, কেক, পানি ও কোমল পানীয়ের দোকান রয়েছে। বিএসটিআইয়ের এক কর্মকর্তা পাউরুটি পরীক্ষা করে দেখেন, তা শুধু পলিথিন দিয়ে মোড়া এবং তাতে উত্পাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। কর্মকর্তারা জানান, এসব খাবারের জন্য বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা লাইসেন্স নেই। একাধিক কর্মকর্তা আদালতকে বলেন, হোটেলে তৈরি করে হোটেলেই বিক্রির জন্য অনুমতি দরকার হয়, তা তাঁদের জানা ছিল না।আদালত হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের বলেন, ভুল স্বীকার করায় তাদের লঘুদণ্ড হবে। এরপর তিনি এক লাখ টাকা জরিমানা করেন।উপস্থিত সাংবাদিকদের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, বিএসটিআই অধ্যাদেশের ২৪ ধারা লঙ্ঘনের জন্য হোটেল ওয়েস্টিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।প্রতিক্রিয়া জানতে চাইলে হোটেলের সহকারী ব্যবস্থাপক মোস্তফা নূর-ই-সাফা সাংবাদিকদের বলেন, ‘অনুমতির ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আগে কোনো দিন শুনিনি। তবে আমাদের খাবারের মান খুব উন্নত।’এদিকে এসব অভিযানে র্যাব এবং স্থানীয় থানা সাধারণত সহায়তা করলেও গতকাল র্যাবের কোনো সহায়তা পাননি আদালত। থানায় ফোন করেও ম্যাজিস্ট্রেট কোনো সহায়তা পাননি। এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির কার্যালয়ের সামনে আগের দিনের বোমা বিস্ফোরণের ঘটনায় সবাই ব্যস্ত ছিলেন। তাই ‘হঠাত্ করে’ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করা সম্ভব হয়নি।এ ছাড়া গতকাল আরও তিনটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ১৪টি প্রতিষ্ঠানে অভিযান চালান এবং নানা অপরাধের জন্য জরিমানা করেন। এর মধ্যে আছে অলিম্পিয়া বেকারি (বায়তুল মোকারম), ডিসেন্ট পেস্ট্রি শপ (মতিঝিল), নিউ খন্দকার রেস্টুরেন্ট (মতিঝিল), সালমা রেস্টুরেন্ট (মতিঝিল), ক্যাফে সিরাজ (মতিঝিল), সালিমার হোটেল (উত্তর যাত্রাবাড়ী), সাউথ চাইনিজ রেস্টুরেন্ট (ধোলাইপাড়, যাত্রাবাড়ী), হক ফিলিং স্টেশন (দক্ষিণ যাত্রাবাড়ী), আদি বনফুল অ্যান্ড বেকারি (ধোলাইপাড়, যাত্রাবাড়ী), ক্যাফে ডি তাজ (মালিবাগ চৌধুরীপাড়া), আল মদীনা রেস্তোরাঁ (মালিবাগ চৌধুরীপাড়া), বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (কাকরাইল), কাঁচপুর রেস্তোরাঁ (মালিবাগ চৌধুরীপাড়া) এবং আবু সাঈদ রেস্তোরাঁ (রামপুরা বাজার)। এসব প্রতিষ্ঠানকে পাঁচ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।