হোটেল থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
রাজধানীর সায়েদাবাদের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে আবদুল মান্নান (৫৫) নামের এক পরিবহন শ্রমিকের গলায় বেল্ট পেঁচানো লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, মান্নানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি থানায় ফোন করে জানান, সায়েদাবাদে আবাসিক হোটেল রুমিতে এক ব্যক্তি মারা গেছেন। এ খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই হোটেলের তৃতীয় তলার ৩১৩ নম্বর কক্ষের দরজার তালা ভেঙে খাটের ওপর থেকে মান্নানের গলায় বেল্ট পেঁচানো লাশ উদ্ধার করে। চারতলা ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আবাসিক হোটেল। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মান্নানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজিপাড়ায়। তাঁর বাবার নাম আনা মিয়া। এ ব্যাপারে পুলিশ হত্যা মামলা করেছে। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, লাশ উদ্ধারের আগেই ওই হোটেলের মালিক ও কর্মচারীরা হোটেলে তালা মেরে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যাবে। পুলিশ জানায়, মান্নান সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ছিলেন। তিনি বাসে কিংবা আশপাশের হোটেলে রাতে ঘুমাতেন। স্বজনেরা হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, হোটেলের নিবন্ধন খাতায় দেখা যায়, মঙ্গলবার মান্নান ওই হোটেলে ওঠেন এবং সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মান্নানের ছেলে মনসুর আহমেদ সাংবাদিকদের জানান, কারা, কেন তাঁকে হত্যা করেছে, তা তিনি জানেন না।