হোটেলে অভিযান চালিয়ে নয়জন রোহিঙ্গা গ্রেপ্তার
ফকিরাপুলের আবাসিক একটি হোটেলে অভিযান চালিয়ে গত বুধবার সন্ধ্যায় নয়জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে ডিবির একটি দল ফকিরাপুলের আশিয়ান নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। ডিবি পুলিশ ওই হোটেল থেকে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী নয়জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন হোসেন আহমেদ (৪০), শাহজাহান (৩০), মো. হাশিম (১৯), মো. জুবায়ের (২০), মো. আইউব (২০), শফিউল্লাহ (১৮), হাবিব হোসেন (৩৫) ও মো. ইয়াছিন (১৮) ও জুবায়ের (১৮)।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা বাংলাদেশের নাগরিক হিসেবে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য এ দেশে এসেছেন। তাঁরা দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। দালালদের সহায়তায় এর আগে তাঁদের আত্মীয়স্বজন বিদেশে গিয়েছেন।