হোসেনি দালানে হামলা মামলার তদন্ত কর্মকর্তা মারাত্মক ভুল করেছেন: বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের ২৪ অক্টোবর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালানের শোক মিছিলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা
ফাইল ছবি

রাজধানীর হোসেনি দালানের শোক মিছিলে জঙ্গি হামলা মামলা তদন্তের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন। তিনি দায়িত্বে চরম অবহেলা করেছেন। এর ফলে এই হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আজ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত এসব কথা বলেছেন।

মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া দুই আসামি হলেন কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ ও আরমান ওরফে মনির। কবীরকে ৭ বছর ও আরমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খালাস পেয়েছেন আবু সাঈদ ওরফে সালমান, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ ও শাহজালাল।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ ছাড়া চান মিয়া, ওমর ফারুক, আহসানউল্লাহ ও শাহজালালকে আসামি করেছেন তদন্ত কর্মকর্তা। তাঁর খামখেয়ালির কারণে এই চারজন হয়রানি ও মানসিক কষ্টের শিকার হয়েছেন।

রায়ে আদালত বলেছেন, কবীর ও আরমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আলবানি ও নোমান। আলবানি, হিরণ ওরফে কামাল ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন গ্রেপ্তার হওয়ার আগে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। তবে তিনি কার কাছ থেকে, কীভাবে এ তথ্য জানতে পেরেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করেননি। আবার নোমানকে কেন আসামি করা হয়নি, সে বিষয়েও কিছু বলেননি তদন্ত কর্মকর্তা।

আরমানের স্বীকারোক্তি পর্যালোচনায় দেখা যায়, হোসেনি দালানে হামলা করেন হিরণ ও আরেকজন (শিশু)।

উল্লেখ্য, মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে শিশু দুটি। তাদের বিচার চলছে ঢাকার শিশু আদালতে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, পূর্ণ তদন্ত না করে; আলবানি, নোমান, হিরণকে আসামি না করে; কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ ছাড়া চান মিয়া, ওমর ফারুক, আহসানউল্লাহ ও শাহজালালকে আসামি করেছেন তদন্ত কর্মকর্তা। এর মধ্য দিয়ে তদন্ত কর্মকর্তা মারাত্মক ভুল করেছেন। দায়িত্বে চরম অবহেলা করেছেন। ফলে হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন।

২০১৫ সালের ২৪ অক্টোবর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালানের শোক মিছিলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

হামলার পরের দিন পুলিশ চকবাজার থানায় মামলা করে। তদন্ত শেষে পরের বছর ২০১৬ সালের ২১ এপ্রিল ১০ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

পরে মামলাটি বিচারের জন্য ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সেখান থেকে মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

সেদিন যা ঘটেছিল

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দিবাগত রাত পৌনে দুইটার দিকে হামলার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা মোতায়েন ছিলেন। হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হোসেনি দালানের মূল ফটকে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। মিছিলটি পল্টনের দিকে যাওয়ার কথা ছিল। মিছিলে যোগ দিতে এসেছিলেন তরুণ, বৃদ্ধ, নারী ও শিশুরা। এর মধ্যেই দিবাগত রাত পৌনে দুইটার দিকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কারও কারও ভাষ্যমতে, তাঁরা পরপর ১০ থেকে ১৫টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। কেউবা দৌড় দিতে গিয়ে হুমড়ি খেয়ে পায়ের তলায় পড়েন। কান্না-চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।