১ কোটি ৮০ লাখ শিশু-কিশোর হাত ধোবে ২৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় এক কোটি ৮০ লাখ শিশু-কিশোর ২৫ অক্টোবর সাবান দিয়ে হাত ধোবে। এর আগে বাংলাদেশে একই সময় অধিকসংখ্যক শিশু-কিশোর সাবান দিয়ে দুই হাত ধুয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ।গতকাল শনিবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা জানান।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাস্থ্য, শিশুমৃত্যুরোধ, শিক্ষা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনে বিনিয়োগ ব্যর্থ হবে—যদি সাবান দিয়ে হাত ধোয়ার প্রতি কম গুরুত্ব দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২৫ অক্টোবর নগরের রবীন্দ্রসরোবর থেকে কেন্দ্রীয় পর্যায়ে দিবসটি উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। দেশের সর্বমোট ৮৫ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং আট হাজার মাদ্রাসার শিক্ষার্থীরা হাত ধোয়া প্রচারাভিযানে অংশ নেবে। এ বছর শিশু-কিশোরদের মা, বাবা এবং শিক্ষকদেরও এতে যুক্ত করা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বিশ্বের ৮০টির বেশি দেশ চতুর্থবারের মতো হাত ধোয়া দিবস পালন করেছে। প্রতিবছর বিশ্বে ডায়রিয়া ও শ্বাস-প্রশ্বাসের সংক্রমণজনিত অসুখে পাঁচ বছরের কম বয়সী ৩০ লাখ শিশু মারা যায়। এর ৮৫ শতাংশই ঘটে আফ্রিকার উপসাহারা অঞ্চল ও দক্ষিণ এশিয়ায়। বিশ্বের যে ১০টি দেশে সবচেয়ে বেশি শিশু-কিশোর ডায়রিয়ায় মারা যায়, বাংলাদেশ তার অন্যতম। বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী ৫০ হাজার ৮০০ শিশু ডায়রিয়ায় মারা যায়। সংবাদ সম্মেলনে ইউনিসেফের বিবি নাবাত আলী বলেন, শিশুরা বিদ্যালয়ে নিরাপদ স্বাস্থ্যবিধি অভ্যাস করলে সেই অভ্যাসটা তারা নিজ বাড়ি ও কমিউনিটিতেও নিয়ে যায়। বাংলাদেশ সরকার, ইউনিসেফ, ওয়াটারএইড, প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্র্যাক, কেয়ার, সেফ দ্য চিলড্রেন, অক্সফাম, ঢাকা আহ্ছানিয়া মিশনসহ জাতীয় ও আন্তর্জাতিক এনজিও দিবসটি উদ্যাপনে সহযোগিতা করছে।সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম খান ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।গতকাল দিবসটি উপলক্ষে সমকাল পত্রিকা সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতেও বক্তারা হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বিষয়টিতে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।