মুক্তিযোদ্ধাদের ত্যাগ আর কষ্টে জন্ম বাংলাদেশের। অথচ সেই মুক্তির নায়কদের সম্মান ও স্মরণ করার একটি দিন নেই বাংলাদেশে। জাতীয়ভাবে না থাকলেও ২০০৪ সাল থেকে মুক্তিযোদ্ধারা ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করছেন। তখন থেকে দিনটিকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন তাঁরা। গতকাল বুধবার আবারও তাঁরা মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করলেন।দিবসটি উপলক্ষে গতকাল সকালে মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধা ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে একাত্তরের শহীদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান। রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্বীকৃতি জানাবে—এমন প্রত্যাশায় নানা স্লোগানও দেন তাঁরা।এর আগে ভোরে মুক্তিযোদ্ধারা মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের সমাধিতে ফুল দেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু এ সময় উপস্থিত ছিলেন।শোভাযাত্রা শুরুর আগে মুক্তিযোদ্ধারা সরকারের উদ্দেশে বলেন, ২০০৪ সালের ১২ জানুয়ারি পল্টন ময়দানে সমাবেশ করে মুক্তিযোদ্ধারা ১ ডিসেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকার সেই আবেদন রাখেনি। মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান সরকার ওই দাবি মেনে নেবে বলে তাঁরা আশা করেন। বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের অন্যতম অধিনায়ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এ সময় বক্তৃতা করেন। তোফায়েল আহমেদ বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্নের কারণে হাজার হাজার মুক্তিযোদ্ধা অকাতরে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব।’হাসানুল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য একটি দিন থাকবে, যেদিন আমরা তাঁদের সম্মান জানাব। জোট সরকার আমাদের এই দাবি পাত্তা দেয়নি। আশা করি, মহাজোটের নেত্রী এ দিবসকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করবেন।’বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মহিলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী মুক্তিযোদ্ধা পরিষদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধ যুব কমান্ড, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ নারী শ্রমিক জোট, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, বাংলাদেশ নারী শ্রমিক জোটের নেতা-কর্মীরা শোভাযাত্রা নিয়ে শিখা চিরন্তনের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে সবাই এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে বক্তৃতা করেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। তিনি বলেন, ‘আমরা চাই, আগামী বছর ১ ডিসেম্বর সরকার রাষ্ট্রীয়ভাবে ও বিভিন্ন দল দলীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করুক। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করে আমরা বাংলাদেশকে পূত-পবিত্র করব।’