১০ কেজি হেরোইনসহ দুই পাকিস্তানি গ্রেপ্তার
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গতকাল বুধবার দুপুরে দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশের সদস্যরা। পাকিস্তান এয়ারলাইনসের বিমান থেকে নামা ওই দুই ব্যক্তির শরীরে বিশেষভাবে বাঁধা ছয়টি পলিথিনে হেরোইন ছিল।গ্রেপ্তার দুজন হলেন মো. হারুন (৫৫) ও আল্লা বক্স (৪৫)। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আর্মড পুলিশের জ্যেষ্ঠ এএসপি এ বি এম আতিকুর রহমান বলেন, পাকিস্তান এয়ারলাইনসের বিমানটি দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই নাগরিকের চলাফেরার ওপর নজরদারি শুরু হয়। তাঁরা দুজন বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে আসার পর শরীর তল্লাশি করে প্যাকেটগুলো পাওয়া যায়। স্কচটেপ দিয়ে সেগুলো শরীরে বাঁধা ছিল। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিক পরীক্ষায় পাউডারগুলোকে হেরোইন বলে শনাক্ত করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন বলেন, চট্টগ্রামের এক ব্যক্তির কাছে হেরোইনের চালানটি পৌঁছানোর কথা ছিল। পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, হারুন এর আগে ১৭ বার এবং আল্লা বক্স পাঁচবার স্বল্পসময়ের জন্য বাংলাদেশে এসেছিলেন।