১০ জানুয়ারি জাতীয় টিকা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮তম জাতীয় টিকা দিবস এবং হাম টিকাদান প্রচারাভিযানকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রতিটি শিশু যেন সময়মতো টিকা পেতে পারে সেজন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মসূচি দিয়েছে ডিসিসি। সময়মতো শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।গতকাল বৃহস্পতিবার ডিসিসি ভবনে ‘১৮তম জাতীয় টিকা দিবস এবং হাম টিকাদান প্রচারাভিযান ২০১০’-এর প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা সিটি করপোরেশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।আগামী ১০ জানুয়ারি সারা দেশে পালিত হবে জাতীয় টিকা দিবস। এ দিন শূন্য থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৪ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে খাওয়ানো হবে একটি করে কৃমিনাশক ট্যাবলেট। আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সারা দেশে পালিত হবে হাম টিকাদান প্রচারাভিযান। এ সময় নয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার ঢাকা সিটি করপোরেশন এলাকায় পোলিওর টিকা পাবে নয় লাখ ৫৩ হাজার ৬৫২টি শিশু, ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সাত লাখ ৪৩ হাজার ৮৪৯টি শিশু, কৃমিনাশক ট্যাবলেট পাবে ছয় লাখ ১৯ হাজার ৮৭৪টি শিশু, হামের টিকা পাবে সাত লাখ ৮১ হাজার ৯৯৫টি শিশু। টিকাদান কর্মসূচিতে প্রশিক্ষিত ৯২৭ জন টিকাদান কর্মী কাজ করবেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ১৪ হাজার ৬৭৪ জন। তিনি আরও বলেন, সিটি করপোরেশন এলাকায় দুই হাজার ৪৬২টি টিকাদান কেন্দ্র থাকবে। দিবসের পরেও ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেবেন। সংবাদ সম্মেলনে মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ‘শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকাদান কর্মসূচি সফল করা প্রয়োজন। দেশের টিকাদান কার্যক্রম সাফল্যের দিকেই যাচ্ছে। স্থানীয় প্রতিনিধিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ ব্যাপারে অবহিত করা হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী সফল হতে চাই।’