১০ টাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে জরায়ুমুখ ও স্তন ক্যানসার পরীক্ষা
বহির্বিভাগে মাত্র ১০ টাকার টিকিট কেটে একজন নারী জানতে পারবেন তিনি জরায়ুমুখ কিংবা স্তন ক্যানসারের ঝুঁকিতে আছেন কি না। গতকাল শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসকেরা প্রতিষ্ঠানে এসে সব নারীকে এই সেবা নেওয়ার আহ্বান জানান।সোহরাওয়ার্দী হাসপাতালে আয়োজিত কর্মশালায় আলোচকেরা জরায়ুমুখ ও স্তন ক্যানসারের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন, বাংলাদেশে প্রতিবছর যত নারী ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের সিংহ ভাগেরই স্তন ক্যানসার। এর পরই জরায়ুমুখে ক্যানসারের অবস্থান। তবে একটু সচেতন হলেই এগুলোর ঝুঁকি এড়ানো যায়।হাসপাতালের চিকিৎসকেরা ৩০ বছরের ওপর সব বিবাহিত নারীকে জরায়ুমুখ পরীক্ষার জন্য হাসপাতালে আসার আহ্বান জানান। এ ছাড়া তাঁরা সব নারীর মাসে অন্তত একবার নিজের স্তন পরীক্ষা ও স্তনে কোনো গোটা অনুভব করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসার পরামর্শ দেন।প্রতিষ্ঠানের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা আশরাফ বলেন, ক্যানসার হওয়ার আগেই জরায়ুমুখে কোষের পরিবর্তন হচ্ছে কি না, তা একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে (ভায়া) নির্ণয় করা সম্ভব। কোষের পরিবর্তন হওয়ার পর এক যুগ বা ১৫ বছর সময় লাগে ক্যানসার হতে। একইভাবে স্তনে কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা সহজেই পরীক্ষা করা যায়। অনুষ্ঠানে জানানো হয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দেশের ২১৬টি প্রতিষ্ঠানে ক্যানসার নির্ণয়ের কাজ চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ইয়াসমীন রহমান সব নারীর কাছে এই সেবা পৌঁছে দিতে প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন বলে মন্তব্য করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনএফপিএর কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীর, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান, অধ্যক্ষ মাকসুদুল আলম, চিকিৎসক রেহানা পারভিন, সিনিয়র স্টাফ নার্স সোনালী রানী মণ্ডল প্রমুখ।