১০ তলায় গাড়ি রেখে নামা-ওঠা পায়ে হেঁটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলে সিটি সেন্টারের ​ভেতরে কার পার্কিংয়ের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। কিন্তু ৮–১০ তলায় গাড়ি রেখে চালকদের ওঠা–নামার জন্য পর্যাপ্ত লিফট নেই। হেঁটে ওঠা–নামা করতে হয় বলে এখানে গাড়ি রাখতে চালকদের আগ্রহ নেই (বাঁয়ে)। উল্টো চিত্র সিটি সেন্টারের ঠিক নিচেই। রাস্তার দুই পাশজুড়ে অবৈধভাবে গাড়ি রাখা হয়েছে l ছবি: প্রথম আলো
মতিঝিলে সিটি সেন্টারের ​ভেতরে কার পার্কিংয়ের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। কিন্তু ৮–১০ তলায় গাড়ি রেখে চালকদের ওঠা–নামার জন্য পর্যাপ্ত লিফট নেই। হেঁটে ওঠা–নামা করতে হয় বলে এখানে গাড়ি রাখতে চালকদের আগ্রহ নেই (বাঁয়ে)। উল্টো চিত্র সিটি সেন্টারের ঠিক নিচেই। রাস্তার দুই পাশজুড়ে অবৈধভাবে গাড়ি রাখা হয়েছে l ছবি: প্রথম আলো

১০ তলায় গাড়ি রেখে (পার্কিং) চালককে নামা-ওঠা করতে হচ্ছে হেঁটে। তাই ভবনে গাড়ি না উঠিয়ে রাস্তাতেই পার্ক করেছেন চালকেরা। রাজধানীর কেন্দ্রস্থল মতিঝিলে অবস্থিত ৩৭ তলা সিটি সেন্টারে এ অবস্থা বহু দিনের। সেখানে একসঙ্গে ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা আছে। কিন্তু সারা দিনে ৫০-৬০টির বেশি গাড়ি থাকে না।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিটি সেন্টারের আটতলায় (লেভেল ৬) গিয়ে দেখা গেল, চারটি ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে আছে। ছয়তলায় রয়েছে ১০টি এবং চারতলায় ১৬টির মতো। পার্কিং পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মীরা জানান, মাঝেমধ্যে গাড়ির সংখ্যা আরও কম হয়।

পুলিশের অভিযোগ, গাড়ি রাখার বহুতল ভবন ব্যবহার হচ্ছে না। তার বদলে গাড়ি রাখা হচ্ছে রাজপথে। ফলে যানজট নিয়মিত লেগেই থাকছে। লোকজনকে অনেক বলার পরও তাঁরা সিটি সেন্টারে গাড়ি নিয়ে যান না। চালকদের অভিযোগ, বিকেল পাঁচটার মধ্যে সিটি করপোরেশনের লোকজন চলে যাওয়ায় অনেকে গাড়ি রাখতে পারেন না। 

গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এলাকা ঘুরে দেখা যায়, মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে থেকে শাপলা চত্বরের দিকে জীবন বীমা ভবন পর্যন্ত রাস্তায় কোথাও দুটি, কোথাও তিনটি গাড়ির সারি। বিপরীত দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স ভবন পর্যন্তও একই অবস্থা। ফলে সেখানে বেঁধে আছে যানজট। এফবিসিসিআই ভবন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), টয়োটা ভবনের সামনেও একাধিক সারিতে গাড়ি রাখা। খোঁজ নিয়ে জানা যায়, (ডিএসসিসি) চার বছর আগে হস্তান্তর করা হলেও গাড়ি রাখার বিষয়টি অবহেলিতই থেকে গেছে। গাড়ি রেখে নামা-ওঠার জন্য দুটি লিফট রয়েছে। একটি অচল। চালু আছে একটি মাত্র লিফট। তা-ও অনেক চালক সেই লিফটের অবস্থান জানেন না। আবার বেশির ভাগ সময় লিফটে জায়গা পাওয়া যায় না। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্যালয়ে ওঠা-নামার জন্য চারটি লিফট চালু আছে। এর মধ্যে একটি ব্যবহার করা যায় ১০ তলা (লেভেল ৮) থেকে নামা-ওঠার সময়। কিন্তু চালকেরা তা জানেন না। পার্কিংস্থলে আরও একটি লিফট থাকার কথা, এখন পর্যন্ত নেই। লিফটের সেই স্থানটি এখনো ফাঁকা পড়ে আছে। মতিঝিলে উত্তরা ব্যাংক ভবনের পাশে ২১ কাঠা জায়গায় ২০০৪ সালে সিটি সেন্টার ভবন নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালে ডিএসসিকে হস্তান্তর করা হয়। যানজট কমাতে ২০১৪ সালে ৫০০ গাড়ি রাখারও ব্যবস্থা হয়। কিন্তু মূল উদ্দেশ্যই ভেস্তে যায়।

সিটি সেন্টারের এক থেকে তিনতলা পর্যন্ত গাড়ি রাখতে পারে ভবনটির বিভিন্ন অফিস বা স্পেস মালিকপক্ষ। বাকি তলাগুলোয় ঘণ্টায় একটি গাড়ির ভাড়া ১০ টাকা। তিন ঘণ্টা ৩০ টাকা। সারা দিন থাকলে ৬০ টাকা নির্ধারণ করা আছে।

আটতলায় গাড়ি রেখেছেন আবদুর রকিব। তিনি বললেন, গাড়ি রেখে হেঁটে এসেছেন নিচে। কারণ লিফট খুঁজে পাননি। তবে শুনেছেন, সেখানে একটি লিফট চালু আছে। ছয়তলায় গাড়ি রেখেছেন রমিজ উদ্দিন। তিনি লিফটের বোতাম টিপলেও লিফটে মানুষ ছিল পূর্ণ, তাই থামেনি। সিটি সেন্টারের কয়েকজন ব্যবসায়ী বলেন, অনেক অফিসের কর্মকর্তারা রাত ১০টার পর অফিস ত্যাগ করেন। তাই সিটি সেন্টারে গাড়ি রাখার সময়সীমা বাড়ানো হলে গাড়ি পার্কিংয়ের সংখ্যাও বাড়তে পারে। এ ছাড়া অনেকে অভ্যাসবশত পার্কিংয়ের জায়গায় গাড়ি না রেখে রাস্তায় রাখতে পছন্দ করেন বলে তাঁরা মন্তব্য করেন।

যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, লিফট-সুবিধা বাড়ানোর ব্যবস্থা হচ্ছে। পার্কিংক্ষেত্র পরিচালনার জন্য ১০ বার দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু শিডিউল বিক্রি হয় না। অনেকে দর বেশি বলে কেনেন না। তিনি বলেন, সিটি সেন্টারে এখন পর্যন্ত ডিএসসিসির স্থায়ী লোক নিয়োগ হয়নি। তাই সন্ধ্যার আগেই পার্কিংয়ের লোক চলে যায়।