দোকান কর্মচারীদের এক মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস, ২০ রমজানের মধ্যে বোনাস দেওয়াসহ ১০ দফা দাবিতে ১০ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
গতকাল সোমবার তোপখানা রোডের আসাদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক। তিনি বলেন, ঈদের সময় গভীর রাত পর্যন্ত কাজ করেন দোকান কর্মচারীরা। অনেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারেন না। অনেক সময় বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য জামাকাপড়ও কিনতে পারেন না কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কাজের জন্য কর্মচারীদের ওভারটাইম প্রদান ও মাসিক বেতন বাড়ানোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনআই গ্লোবাল বাংলাদেশ কাউন্সিলের নির্বাহী সম্পাদক ও সমন্বয়ক মোস্তফা কামাল, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম।