নিখোঁজ হওয়ার ১০ দিন পর রাজধানীর উত্তরায় নিজের বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া গেল প্রবাসী হোসেন আলতাফের (৬২) গলিত লাশ। গত বুধবার রাতে দুজনকে গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা থানা পুলিশ আলতাফের লাশ উদ্ধার করে।মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১০ নম্বরে নিজের বাড়িতেই থাকতেন আলতাফ। গত ২৮ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কয়েক দিন খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ এপ্রিল আলতাফের ভাই আলমগীর কবীর উত্তরা থানায় ছয়জনকে আসামি করে অপহরণ মামলা করেন। এ মামলার সূত্র ধরে গত বুধবার রাতে পুলিশ জয়নুল ও ইমতিয়াজকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ঢাকনার তালা ভেঙে লাশ বের করা হয়। আলতাফের হাত-পা ও মুখ পলিথিন ও কাপড় দিয়ে বাঁধা ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যার পর গুম করার জন্য বর্জ্যাধারে ফেলে দেওয়া হয়েছিল।তদন্ত কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আলতাফকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। গ্রেপ্তার হওয়া দুজনকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।