১০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা ১০ দিনের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।তফসিল অনুসারে ২৮ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ—এমন অভিযোগে মোহাম্মদ সালেহউদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ২৬ এপ্রিল হাইকোর্ট ওই নির্বাচনের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত ও রুল জারি করেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে বার কাউন্সিল কর্তৃপক্ষ। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আপিল বিভাগ ৭ মে চেম্বার বিচারপতির স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে নির্বাচনের বিষয়ে জারি করা রুল ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। রুলের শুনানি নিয়ে গতকাল আদালত রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও এ জে মোহাম্মদ আলী। তাঁদের সহায়তা করেন আইনজীবী নাজনীন নাহার। বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।পরে এম কে রহমান বলেন, তফসিলের অন্য সবকিছু ঠিক থাকবে। আদালত ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করে ২০ জুনের মধ্যে নির্বাচন করতে বার কাউন্সিলের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়েছেন।নাজনীন নাহার বলেন, আইন অনুসারে ১০ দিনের মধ্যে নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দেন আদালত। এ ছাড়া নির্বাচনের জন্য সময় বাড়িয়েছেন। ফলে ২৮ মে নির্বাচন হচ্ছে না।