১০ বছরে ভূগর্ভের পানির ব্যবহার ৭০ শতাংশ কমিয়ে আনবে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০ বছরে ভূগর্ভের পানির ব্যবহার বর্তমানের তুলনায় ৭০ শতাংশ কমিয়ে আনবে ঢাকা ওয়াসা। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার অধীনে ভূগর্ভের পানির ব্যবহার কমিয়ে নদী থেকে আহরিত পানি পরিশোধনের মাধ্যমে সরবরাহ বাড়ানো হবে। বর্তমানে ঢাকা ওয়াসার মোট উৎপাদিত পানির প্রায় ৮৭ শতাংশই ভূগর্ভ থেকে আহরণ করা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এ কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা ২০১০-১২’ কর্মসূচির অগ্রগতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে ওয়াসার দুর্নীতি, অনিয়ম এবং অস্বচ্ছতার কথা স্বীকার করে তাকসিম এ খান বলেন, ওয়াসার দুর্নীতি ও অনিয়ম দীর্ঘদিনের। সংক্ষিপ্ত সময়ে এর সমাধান সম্ভব নয়। তবে গত এক বছরে ওয়াসার কার্যক্রমে গতিশীলতা এসেছে। জবাবদিহি নিশ্চিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১০০ জনের বিরুদ্ধে দাপ্তরিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াসার এক কর্মচারী সংস্থার জায়গা দখল করে আছেন বলে একটি টিভি চ্যানেলের খবরে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ওয়াসা কারও জায়গা দখল করেনি। ওয়াসার জায়গাও কেউ দখল করেনি। ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো শক্তির কাছে জিম্মি নয়। সভায় জানানো হয়, আসন্ন পবিত্র রমজান মাসে পানির চাহিদা পূরণে ঢাকা ওয়াসা সম্পূর্ণ প্রস্তুত। এ ক্ষেত্রে নগরের বিভিন্ন স্থানে পানিবাহী ট্যাংক পানি সরবরাহ করবে। মসজিদ এবং বাসাবাড়িতে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ করা হবে। রমজান মাসে ইফতার ও সেহিরর সময় জনসমাগমস্থলে ট্রলি ও ভ্যানগাড়িতে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রমজান মাস সামনে রেখে নতুন স্থাপনাধীন ও প্রতিস্থাপিত নলকূপগুলো চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমানে জেনারেটরচালিত গভীর নলকূপগুলো বিদ্যুতের মাধ্যমে চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় জানানো হয়, চলতি বর্ষা মৌসুমে নগরের জলজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ওয়াসা। ২০১০-১১ অর্থবছরে ১৭ কিলোমিটার নর্দমা স্থাপন করা হয়েছে। ২৬৫ দশমিক ৮০ কিলোমিটার নর্দমার বর্জ্য পরিষ্কার ও অপসারণ, ৮ দশমিক ৬০ কিলোমিটার বক্সকালভার্টের বর্জ্য পরিষ্কার ও অপসারণ এবং ৪০ দশমিক ৭০ কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কার ও পুনর্খনন করা হয়েছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত এক বছরে ওয়াসা ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ শহরে পানির সমস্যা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময়ে ৬৬টি গভীর নলকূপ বসানো হয়েছে। পানির উৎপাদন বেড়েছে দৈনিক প্রায় ১৮ কোটি লিটার। আরও ২৩টি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। এগুলোর কাজ শেষ হলে দৈনিক আরও ছয় কোটি লিটার পানির উৎপাদন বাড়বে।