মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে অভিযান চালিয়ে ১০ জন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।ভ্রাম্যমাণ আদালত সকালে পুরান ঢাকার কোতোয়ালি এলাকার স্টার সিনেমা হলের গলিতে অভিযান চালান। আদালত সেখানে গাঁজাসহ মামুন, আবদুর রশিদ নামের দুজনকে গ্রেপ্তার করেন। এর পর সূত্রাপুরের কেএম দাস রোড, চামারপট্টি, দয়াগঞ্জ ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে কামাল, আজিম, উজ্জ্বল, নজরুল ইসলাম, বাবুল, আমানুল্লাহ, আল-আমিন ও ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়।আদালত পরিচালনাকারী ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গ্রেপ্তার ১০ জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে গাঁজা ও কিছু ইনজেকশন পাওয়া যায়।অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ক্রেতা হিসেবে তাঁদের লোক হাতকড়াসহ সাদা পোশাকে মাদক কিনতে যান। এ সময় পুলিশকে দূরে রাখা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর মাদক ব্যবসায়ীদের জাপটে ধরা হয়। তখন আশপাশে অবস্থান নেওয়া পুলিশ তাঁদের ধরে ফেলে।মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।