১০ লাখ প্রচারপত্র বিতরণ করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার ব্যাপারে নগরবাসীকে সতর্ক করতে প্রচারপত্র বিতরণ করেছে ঢাকা মহানগর পুলিশ। ‘নিরাপত্তায় সচেতনতা’ নামে ১০ লাখ প্রচারপত্র গতকাল থেকে নগরবাসীর হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে বাসাবাড়ি, রাস্তাঘাট ও বিপণিবিতানে কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ও পুলিশ সংস্কার প্রকল্প যৌথভাবে এ প্রচারপত্র বিতরণ করছে। বাসাবাড়ির নিরাপত্তা: বাসাবাড়ির নিরাপত্তার জন্য ১৭টি পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাসা ত্যাগের আগে এটি সুরক্ষিত কি না, তা দেখে নিতে হবে। সম্ভব হলে ভেনটিলেশনের জানালাও বন্ধ করে দিতে হবে। সম্ভব হলে বাসার চারপাশ আলোকিত করার পরামর্শ দেওয়া হয়। বাসা ত্যাগের আগে প্রতিবেশী বা ফ্ল্যাটের পাশের বাসিন্দাদের নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে। ঈদের আগে বাসায় নতুন কাজের লোক রাখা হলে তার পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তাঘাট: রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কোনো লোকের হাতে কোনো কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। মূল্যবান সামগ্রী সঙ্গে থাকলে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। যানবাহন ট্রাফিক জ্যামে পড়লে জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। অজ্ঞান ও মলম পার্টির হাত থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিতজনের সঙ্গে ভাগাভাগি করে গাড়িতে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। শেষরাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সঙ্গে চলাচলের কথা বলা হয়েছে।বিতণিবিতান: ঈদের শেষ দিনের কেনাকাটার পর দোকানে নগদ অর্থ না রাখার কথা বলা হয়েছে। স্বর্ণের দোকান, ব্যাংক, বিমা ও অর্থকরী প্রতিষ্ঠানে সম্ভব হলে সিসিটিভি ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। বড় অঙ্কের টাকা ওঠানোর সময় পুলিশের পরামর্শ নিতে বলা হয়েছে। গাড়িতে লক ব্যবহার করতে বলা হয়। পকেটমার ও প্রতারক থেকে সাবধান থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীবাসীকে দিনের আলো থাকতে কেনাকাটা শেষ করার পরামর্শ দিয়েছে পুলিশ। মার্কেটের মালিকদের থানা বা ফাঁড়ির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। গাড়ি চুরি থেকে রেহাই পেতে সম্ভব হলে জিএসএম লক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া মার্কেটে যাওয়ার সময় দামি অলংকার না ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।