নগরে পানির সংকট : তাঁতীবাজার, রাজার দেউড়ির পানি সারা বছরই দুর্গন্ধময়
১০ লাখ মানুষ পানির কষ্টে

দুই রুমের বাসা। ভাড়া ১৩ হাজার টাকা। দুই লাখ টাকা অগ্রিম। পানি, বিদ্যুৎ ও গ্যাসের আলাদা বিল। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা মাঝেমধ্যে থাকে। কিন্তু পানির জন্য প্রতি মাসে দেওয়া টাকাটা পানিতেই যাচ্ছে। কারণ, ঢাকা ওয়াসা থেকে যে পানি সরবরাহ করা হয়, তা সব সময়ই ময়লা ও দুর্গন্ধময়।
এলাকাটি পুরান ঢাকার ৩৬ নম্বর ওয়ার্ডের অধীন রাজার দেউড়ি। ওই এলাকার বাসিন্দা সুদীপ ঘোষ গতকাল সোমবার ওয়াসার সরবরাহ করা পানি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে যখন কথা বলছিলেন, তাঁর চেহারায় ছিল ক্ষোভ আর বিরক্তি।
একই অবস্থা পার্শ্ববর্তী শাঁখারীবাজার, তাঁতীবাজার, রাধিকা মোহন বসাক লেন, হরি প্রসন্ন মিত্র রোড, সৈয়দ আওলাদ হোসেন লেন, প্রসন্ন পোদ্দার লেন, রাখাল চন্দ্র বসাক লেন, বাঁশি চরণ সেন পোদ্দার লেন, নব রায় লেন, কৈলাশ ঘোষ লেন ও রায় সাহেব বাজার প্রভৃতি এলাকার বাসিন্দাদের। এসব এলাকার প্রায় ১০ লাখ মানুষ দীর্ঘদিন ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির সঙ্গে পরিচিত। সারা বছরই তাঁদের পানির কষ্ট।
খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় সরবরাহ করা পানি আসে বুড়িগঙ্গা নদী থেকে। সোয়ারীঘাটের চাঁদনীঘাটে ওয়াসার পানি শোধনাগারে শোধন করে এই পানি সরবরাহ করা হয়। কিন্তু সাত বছর আগে ২০০৯ সালেই বুড়িগঙ্গা নদীর পানি শোধনের অযোগ্য বলে বিবেচিত হয়। তার ওপর রয়েছে পুরান ঢাকার এসব এলাকার পানির পাইপ। গত শতকের ষাটের দশকের পর এখানে নতুন কোনো পাইপ বসানো হয়নি। মাটির নিচের পাইপগুলো জং ধরে ধরে ফুটো হয়ে গেছে। সেই ফুটো দিয়ে ময়লা ও দূষিত পানি ঢুকে পড়ে।
রাজার দেউড়ি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ওয়াসার স্থাপিত গভীর নলকূপগুলোর পানি ভালো। কিন্তু পুরোনো পাইপলাইনে ঢুকে এসব পানিও দূষিত হয়ে যায়। গতকাল সকালে এলাকায় গিয়ে দুটি পাম্পেই চারপাশের বাসিন্দাদের ভিড় দেখা যায়। রাজার দেউড়ি পাম্পের বিপরীতে একটি চাপকল বসানো হয়েছে। সমাজকল্যাণ অধিদপ্তর ওই চাপকল ছাড়াও এলাকায় বেশ কিছু চাপকল বসিয়েছে।
তাঁতীবাজারে চাপকলে অনেকগুলো কলসির ভিড়। প্রসন্ন পোদ্দার লেনের বাসিন্দা আফজাল হোসেন বলেন, এলাকায় বাসা ভাড়া নিয়েছেন দুই বছর আগে। আজ পর্যন্ত ভালো পানি পাননি। পানির মধ্যে যেন বুড়িগঙ্গা নদীর ময়লা পানির গন্ধ।
এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, পাম্প থেকে সব সময় পানি নেওয়া যায় না। তাঁরা চাপকল থেকে নেন। কিন্তু বর্তমানে চাপকলের পানিও ভালো নেই। এলাকাবাসী কাপড় দিয়ে কলের মুখ বন্ধ করে দিয়েছেন।
শাঁখারীবাজার ঢোকার মুখে শনির মন্দিরের কাছে ওয়াসার কলে গতকালও ভিড় ছিল। হাঁড়ি, কলসি, জার নিয়ে ভিড় করেছিলেন চারদিকের বাসিন্দারা। পানিটোলার ব্যবসায়ী অমল সাহা বলেন, বাসার পানিতে দুর্গন্ধ। মধ্যবয়সী গৃহিণী অমৃতা সুর ক্ষোভ জানিয়ে বলেন, খাওয়ার পানি শুধু নয়, রান্নার পানিও সংগ্রহ করতে হচ্ছে। বাসার পানিতে খাবার রান্না করলে সে খাবারেও মনে হয় গন্ধ।
ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, পুরোনো পাইপ বদলানো হলে এলাকার পানির গন্ধ
চলে যাবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলতি বছরই এলাকায় নতুন পাইপ বসানোর কাজ শুরু হওয়ার কথা।