১০ হরিজন শহীদকে স্মরণ

১৯৭১ সালের ২২ নভেম্বর। আনবার লাল, মহাবীর লাল সামুন্দ, ঈশ্বর লাল, লাল্লু দামানকার, ঘাশিটা দাস, নান্দা লাল, শংকর দাস, নান্দু লাল, খালবাল দাস ও রামচরণকে পাকিস্তানি হানাদার বহিনীর দোসর রাজাকাররা ধরে নিয়ে যায়। পরে রায়েরবাজার বধ্যভূমিতে গলিত, বিকৃত লাশের পরনে থাকা লুঙ্গি বা বিভিন্ন চিহ্ন দেখে হরিজন পরিবারের সদস্যরা লাশগুলো তাঁদের স্বজনের বলে চিহ্নিত করেন। মুক্তিযুদ্ধে শহীদদের অনেকের নাম সরকারি নথিতে লিপিবদ্ধ থাকলেও এই ১০ জনের নাম নেই। কোনো স্বীকৃতিও পাননি তাঁরা। তবে রাজধানীর পুরান ঢাকার ২৫, আগাসাদেক রোডের মিরনজিল্লা সিটি কলোনির (হরিজন) বাসিন্দারা তাঁদের এই ১০ স্বজনকে ভুলে যাননি। শহীদ হিসেবেই তাঁদের সম্মান জানিয়ে আসছেন।
এই শহীদদের স্মরণে কলোনির বাসিন্দারা নিজ উদ্যোগে ইট-বালু দিয়ে কলোনিতে ছোট একটি শহীদ মিনার তৈরি করেছেন বহু বছর আগে। প্রতিবছর ২২ নভেম্বর এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে তাঁরা তাঁদের শহীদ স্বজনদের স্মরণ করেন। গতকাল রোববার ছিল ২২ নভেম্বর। বিকেলে কলোনিতে ঢুকেই দেখা গেল, শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, হরিজন সেবক সমিতি, দলিত নারী ফোরামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সন্ধ্যায় ছিল জিলাপি বিতরণ, প্রদীপ জ্বালানো, গীতাপাঠসহ বিভিন্ন আয়োজন। প্রতিবছর এই দিনটি এলে কলোনির বাসিন্দাদের মনে নতুন করে ক্ষোভ ও ব্যথা জেগে ওঠে। তাঁরা মনে করেন, শুধু হরিজন জনগোষ্ঠী হওয়ার কারণেই এখন পর্যন্ত রাষ্ট্র শহীদ হিসেবে তাঁদের এই ১০ জন স্বজনকে স্বীকৃতি দেয়নি।
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, মুক্তিযুদ্ধের সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয়, তথ্য দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন। বিশেষ করে ওই ১০ জন ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। এ জন্য তাঁদের ধরে নিয়ে হত্যা করা হয়।
১৯৭১ সালে মহাবীর লাল সামুন্দের ছেলে মুন্না লাল সামুন্দের বয়স ছিল আট বছর। তখনকার কিছু আবছা স্মৃতি চোখে ভাসে। এরপর বড়দের কাছ থেকে ইতিহাস শুনেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হরিজন বা সুইপাররা শহীদ হিসেবে স্বীকৃতি পাক, তা হয়তো কেউ চায় না। তাই আমরা এ পর্যন্ত স্বীকৃতি বা সম্মানটুকু পাইলাম না।’ কথা হলো ঘাশিটা দাসের ছেলে হীরু দাসসহ অন্যদের সঙ্গেও। তাঁরা আক্ষেপ করে বললেন, তাঁদের পরিবারকে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পেতে আর কত কাল অপেক্ষা করতে হবে?
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন জায়গায় ওই ১০ জনকে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। শহীদ পরিবারের সন্তান হিসেবে দৈনিকভিত্তিক ক্লিনার পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন সময়, বিশেষ করে নির্বাচনের আগে ভোটপ্রার্থীরা কলোনিতে এসে নানা প্রতিশ্রুতি দেন। শহীদ পরিবার হিসেবে সরকারি সুযোগ-সুবিধা পাবেন, এমন কথাও বলেছেন। কিন্তু বাস্তবে কিছুই পাননি তাঁরা।
হরিজন সেবক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মহেশ লাল আক্ষেপ নিয়ে বললেন, ‘আমরা এখন আর এ বিষয়ে কারও সঙ্গে কথা বলতেও উৎসাহ পাই না।’