১০ হাজার মানুষকে খাবার দেবে ডু-নেশন ও মাদল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি। এই দীর্ঘ ছুটির ফলে রাজধানীর সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের অবস্থা একেবারেই করুণ।
কোনো কাজ নেই। কোনো আয় নেই। প্রয়োজনীয় খাবার নেই। সাধারণ ছুটি যত দীর্ঘ হচ্ছে এবং করোনাভাইরাসের সংক্রমণের হার যত বাড়ছে, সহযোগিতা ততই কমে গেছে। আর সরকারি ত্রাণ থেকেও বঞ্চিত তারা। এ কারণে খাবারের জন্য এই মানুষগুলো ছুটে আসছে রাস্তায়। অনেকে আবার টাকার অভাবে পথের ধারেই থাকছে, ঘুমাচ্ছে।
পথের ধারের এই অভুক্ত মানুষগুলোর জন্য রান্না করা খাবার নিয়ে যাচ্ছে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘ডু-নেশন’ ও দেশি খাবারের প্রতিষ্ঠান ‘মাদল খাবারঘর’। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেলে ইফতারের আগে নিজস্ব ব্যবস্থাপনায় ৫০০ জনকে খাবার দেওয়া হচ্ছে।
ডু–নেশন ও মাদলের কর্তৃপক্ষ জানিয়েছে, ১ মে থেকে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের ৫০০ জন মানুষকে এই খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০ মে পর্যন্ত ১০ হাজার জনকে এই খাবার দেওয়া হবে। এরপর পরবর্তী পরিকল্পনা করা হবে।
ডু–নেশনের সঙ্গে জড়িত আছেন বিজ্ঞাপন নির্মাতা আপন আহসান। তিনি জানিয়েছেন, বন্ধুদের আর্থিক সহায়তায় এবং সাহসে এই পরিকল্পনা শুরু করা গেছে। ইতিমধ্যে ডু–নেশন পার্বতীপুরে ৫০টি পরিবারকে এক মাসের খাবারের ব্যবস্থা করা দিয়েছে। প্রায় দুই হাজার প্রতিবন্ধীর জন্য খাবারের ব্যবস্থা করতে এখন কাজ করা হচ্ছে।
আপন আহসান আরও বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের এক লাখ মানুষকে খাবার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যদি বিত্তবানেরা এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে পুরো পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
মাদলের প্রধান বিপণন কর্মকর্তা মেহেদী মাসুদ জানিয়েছেন, এখন প্রতিদিন দেওয়া হচ্ছে খিচুড়ি। তাতে থাকছে চিনিগুড়া চাল, সরিষার তেল, মুসুর ও মুগের ডাল, আলু, পটোল, মিষ্টি কুমড়া, পেপে, গাজর, টমেটো ও ব্রয়লার মুরগির মাংস। এই খাবার তৈরিতে প্রতিজনের জন্য খরচ হচ্ছে ৩৫ টাকা। যথেষ্ট পরিচ্ছন্ন পরিবেশে এবং স্বাস্থ্যসম্মতভাবে এই খাবার প্রস্তুত করা হচ্ছে।
মেহেদী মাসুদ আরও বলেন, ‘১ এপ্রিল থেকে প্রতিদিন রাতে পথের ধারের ২৫০ থেকে ৩০০ অভুক্ত মানুষের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে মাদল। পবিত্র রমজান মাস উপলক্ষে এখন ডু–নেশনসহ আরও কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির সহায়তায় এই সংখ্যা বাড়ানো হয়েছে। এখন প্রতিদিন বিকেলে ইফতারের আগে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় অন্তত ৭০০ মানুষকে খাবার দেওয়া হচ্ছে মাদল থেকে। রমজান মাসের পরও আমাদের এই কাজ অব্যাহত থাকবে। যদি কেউ সহযোগিতা করতে চান, তাঁরা ০১৭১১৮১৭৬৯১ নম্বরে যোগাযোগ করতে পারেন।’
ডু–নেশন ও মাদল বলছে, এই কাজ কারও একার পক্ষে সম্ভব না। অনেকের একটু একটু সহযোগিতার ফলে খাবার জুটবে লাখো মুখে।