‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’

মগবাজার চৌরাস্তা এলাকায় ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশকনিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিতে’ মেয়র আতিকুল
ছবি: প্রথম আলো

প্রতি সপ্তাহে শনিবার দিন সকাল ১০টায় ১০ মিনিট সময় নিয়ে লাজ-লজ্জা পরিহার করে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে মগবাজার চৌরাস্তা এলাকায় ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশকনিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিতে’ প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। গতকাল বুধবার মোহাম্মদপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

গত মঙ্গলবার ২৭ জুলাই থেকে এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটির সব ওয়ার্ডে একযোগে বিশেষ চিরুনি অভিযান শুরু করা হয়েছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত টানা ১০ দিন (শুক্রবার ব্যতীত) ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মশকনিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।

সচেতনতা কর্মসূচিতে আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে যেখানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ এই স্লোগান মেনে কাজ করার আহ্বানও জানান তিনি।

করোনা পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় যাতে কারও মৃত্যু না হয়, সে জন্য নাগরিক সেবায় ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস, জরুরি সেবায়-৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বরের হটলাইন চালু আছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটির ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা আছে।

এডিস মশা বাসাবাড়ি, স্থাপনার বিভিন্ন জায়গা জমে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে।
ছবি: প্রথম আলো

করপোরেশনের মোবাইল অ্যাপসের বিষয়টি জানিয়ে মেয়র বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপের মাধ্যমেও যেকোনো নাগরিক অতি সহজে করপোরেশনকে সরাসরি তাঁর মতামত কিংবা অভিযোগ জানাতে পারবেন। সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে সমাধান করছেন। এ ছাড়া করোনা পরিস্থিতিতে ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ বিষয়টি উল্লেখ করে সবাইকে যথাযথভাবে মাস্ক পরার আহ্বান জানান মেয়র।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এডিস মশা বাসাবাড়ি, স্থাপনার বিভিন্ন জায়গা জমে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। কোনো খাল বা নালায় এডিস মশার বংশবিস্তার হয় না। এ ছাড়া যেসব জায়গায় ভবন নির্মাণ হচ্ছে সেখানেও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হচ্ছে।’ তিনি বলেন, ‘সুতরাং এ বিষয় নিয়ে যত দিন না নিজেরা সচেতন হতে পারছি, একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারছি, তত দিন এডিস মশা নির্মূল করতে পারব না।’

মেয়র আরও বলেন, ‘বাসাবাড়ি ব্যালকনিতে, বারান্দায় কিংবা ছাদে যাওয়ার সুযোগ আমার নেই। এ ছাড়া ছাদে কোথায় অব্যবহৃত কমোড ফেলে রাখা হয়েছে, আমি কীভাবে তা জানব? তাই এডিস মশা নিধনের বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এতে নগরবাসীর সহায়তা চাই।’

কর্মসূচিতে নগরবাসীকে সচেতন করতে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দিয়ে ট্রাক সাজিয়ে এবং সচেতনতার বার্তা মাইকিং করে প্রচার চালানো হয়।