১০টি প্রতিষ্ঠান ও মালিকের জরিমানা সাড়ে ১০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণে উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ার অপরাধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল রোববার ১০টি নির্মাতা প্রতিষ্ঠান ও ব্যক্তি-মালিকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল ধানমন্ডি ও পল্লবী থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাজউক সূত্র এ তথ্য জানায়।প্রসঙ্গত, নিরাপত্তা-ব্যবস্থা না নেওয়ায় গত ১৬ জুলাই পান্থপথে সাগুফতা বিল্ডার্সের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে এক ব্যক্তি মারা যান। রাজউক এ ঘটনায় মামলা করে। এ ছাড়া হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় সাগুফতার দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়।গতকাল সকাল থেকে ধানমন্ডি ও মিরপুর রোড এলাকায় অভিযান চালান রাজউকের ভ্রাম্যমাণ দল। এক প্লাটুন পুলিশের সহায়তায় এখানে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া ও অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান।প্রথমেই মিরপুর রোডে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশে নির্মাণাধীন একটি ভবনের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৪ তলার ভবনটির ১১ তলা পর্যন্ত নির্মাণকাজ চললেও নিয়ম অনুযায়ী সব তলায় জালের বেষ্টনী দেওয়া হয়নি। একই অপরাধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভবনের বিপরীত দিকে নির্মাণাধীন ১২ তলা একটি ভবন-নির্মাতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মিরপুর রোডের ধানমন্ডি-৫-এ একটি ১২ তলা নির্মাণাধীন ভবনে শুধু টিনের ট্রে দেওয়া হয়েছিল। কোথাও জাল দেওয়া হয়নি। ওই নির্মাণকারীদেরও এক লাখ টাকা জরিমানা করা হয়। রাপা প্লাজার পাশে আরও দুটি নির্মাণাধীন ভবন থেকে আদায় করা হয় এক লাখ টাকা করে জরিমানা। এগুলোর মধ্যে একটির কাজ চলছিল ফুটপাত বন্ধ করে। এ ছাড়া পল্লবীর পাঁচটি নির্মাণাধীন ভবন থেকে ছয় লাখ টাকা আদায় করে অভিযানকারী দল।