১০০ জনেরই থাকার মেয়াদ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে মোট বাসিন্দা ৪৮২ জন। এর মধ্যে ১০০ জনেরই থাকার মেয়াদ শেষ হয়েছে। কর্তৃপক্ষ তাঁদের হোস্টেল ছাড়ার জন্য বারবার নোটিশ দিলেও তাঁরা ছাড়েননি। তাঁদের সাতজন মেয়াদ বাড়ানোর আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। তবে বাসা খুঁজে নিতে আদালত তাঁদের কিছুদিন হোস্টেলে থাকার সুযোগ দিয়েছেন।মেয়াদোত্তীর্ণ বাসিন্দারা হোস্টেল না ছাড়ায় বছর খানেক আগে আবেদন করা কর্মজীবী নারীরাও সিট পাচ্ছেন না। কর্তৃপক্ষ জানায়, ১০টি সিট খালি হলে আবেদন পড়ে ৫০০-এর বেশি। মহিলা অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে ১৯৮০ সালে এই হোস্টেলের যাত্রা শুরু হয়।নীতিমালা অনুযায়ী, একজন কর্মজীবী নারী এই হোস্টেলে চার বছর থাকতে পারবেন। এরপর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে মহিলা অধিদপ্তরের মহাপরিচালক এক বছর সময় বাড়াতে পারেন। পাঁচ বছরের বেশি কেউ থাকতে পারবেন না।কর্তৃপক্ষ জানায়, যাঁরা মামলা করেছেন, তাঁদের কেউ কেউ ১০ বছর ধরে রয়েছেন। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে থেকেই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাসিন্দাদের নোটিশ দিতে শুরু করে। এই ১০০ জনের ক্ষেত্রেও অনেক নোটিশ দেওয়া হয়। তাঁদের ওঠানোর জন্য অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের দপ্তর থেকে মহিলা ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন। সাতজনের করা মামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়।মেয়াদোত্তীর্ণ সাতজনের দেওয়ানি মোকদ্দমার রায়ে গত মাসে (মার্চ) ঢাকার সহকারী জজ প্রথম আদালত বাদীদের আবেদন খারিজ করেন। রায়ে বলা হয়, হোস্টেলের নীতিমালা না মানায় বাদীদের যেন হোস্টেলের সিট বাতিল না করা হয়, সে ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার সুযোগ নেই। তবে হঠাৎ বাসা খুঁজে পাওয়া কষ্টকর বিবেচনায় একজন বাদীকে জুলাই এবং ছয়জনকে জুন পর্যন্ত হোস্টেলে থাকার অনুমতি দেওয়া হয়। অন্য মেয়াদোত্তীর্ণ বাসিন্দাদের ব্যাপারেও হোস্টেল কর্তৃপক্ষ একই ধরনের ব্যবস্থা নিতে পারে। এ ব্যাপারে হোস্টেল কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ প্রতিবেদন আকারে ২০ জুন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।হোস্টেল কর্তৃপক্ষ ও অন্য বাসিন্দারা জানান, মেয়াদোত্তীর্ণ ব্যক্তিরা ইচ্ছা করে নোংরা-আবর্জনা এখানে-সেখানে ফেলেন। অকথ্য ভাষায় গালাগাল করেন, উচ্চ শব্দে গান শোনেন। বলতে গেলে হয়রানি করেন, হুমকি দেন। হুমকির ঘটনায় কয়েকজন থানায় জিডিও করেছেন।হোস্টেল সুপার মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, এ হোস্টেলে শিক্ষিত নারীরা থাকেন। কিন্তু তাঁদেরই একটি অংশ কর্তৃপক্ষকে বিপদে ফেলতে এ ধরনের নোংরা কাজ করেন। টয়লেট এবং অন্যান্য জায়গা ইচ্ছা করে এত নোংরা করে রাখেন যে পরিচ্ছন্নতাকর্মীরাও তা পরিষ্কার করতে চান না।হোস্টেলের উচ্চমান সহকারী ইসমত আরা বলেন, সিট ভাড়া-খাওয়া খরচ কম হওয়ায় এবং নিরাপদ বলে কেউ সহজে হোস্টেল ছাড়তে চান না। মেয়াদোত্তীর্ণ বাসিন্দাদের বের করতে হিমশিম খেতে হয়। ১৯৯০ সালে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছিল। থাকার জন্য মামলা এবারই প্রথম।হোস্টেল সুপার বলেন, মেয়াদোত্তীর্ণ ব্যক্তিরা সিট না ছাড়ায় যোগ্যদের সিট দেওয়া যাচ্ছে না। ১ এপ্রিল সিট বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন পদক্ষেপ প্রক্রিয়াধীন। আদালতের আদেশ হোস্টেলের বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, জুনের পর মেয়াদোত্তীর্ণ বাসিন্দাদের সমস্যাটি আর থাকবে না।