১০০টি ইয়াবা বড়িসহ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল কর্মকর্তা গত মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ বাসারুল আনাম আহমেদ নামের এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক রাজু আহমেদ প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে দক্ষিণখানের আকবর টাওয়ারের কাছে একটি গাড়ি আটক করা হয়। ওই গাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসারুলের (৩১) কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বাসারুল নিজেকে সেনাবাহিনীর মেডিকেল কোরের ক্যাপ্টেন বলে পরিচয় দেন। সেনাবাহিনীর পোশাক পরা বাসারুলের একটি ছবি পাওয়া গেছে। তাঁর ব্যবহূত ওই ব্যক্তিগত গাড়িটি আটক করা হয়েছে।দক্ষিণখান থানার ওসি লোকমান হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বাসারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা হয়েছে। তবে বাসারুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়ে গেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ক্যাপ্টেন বাসারুলকে বিচারের জন্য সেনা হেফাজতে নেওয়া হচ্ছে। আদালত সূত্র জানায়, বাসারুলকে সেনা হেফাজতে বিচার করার জন্য গতকাল দুপুরে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। মহানগর হাকিম সুনন্দ বাগচী পরবর্তী ধার্য তারিখে বাসারুলকে আদালতে হাজির করার শর্তে সেনা হেফাজতে দেন।