তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে ১১ জুন ঢাকায় ১৮ দলীয় জোটের মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন থানায় অনুষ্ঠিত দলের সদস্য (রুকন) সমাবেশে নেতারা এ আহ্বান জানান।জামায়াতের ঢাকা মহানগর শাখার নায়েবে আমির আবদুল হালিম বলেন, দেশের সব মহল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠলেও সরকারের টনক নড়ছে না। ১১ জুনের মহাসমাবেশ সফল করে সরকারকে গণদাবি মানতে বাধ্য করা হবে।দলের ঢাকা মহানগরের ওয়ারী ও সূত্রাপুর থানার পৃথক দুই সদস্য সমাবেশে তিনি এ কথা বলেন।বাড্ডা থানা শাখার সদস্য সমাবেশে দলের ঢাকা মহানগর কমিটির সহকারী শফিকুল ইসলাম মাসুদ বলেন, একদলীয় বাকশাল কায়েমের পথে জামায়াতই প্রধান বাধা হিসেবে মনে করছে সরকার। এ জন্য তারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।বিচারের নামে এই প্রহসনের পরিণাম শুভ হবে না বলে হুমকি দেন জামায়াতের এই নেতা।মহানগরের তুরাগ, দারুস্ সালাম ও তেজগাঁও পৃথক তিন সদস্য সমাবেশে বক্তব্য দেন নগর কমিটির আরেক সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে জনগণ এ দেশে কোনো নির্বাচন হতে দেবে না।এদিকে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৯ জন নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।গতকাল এক বিবৃতিতে নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার দেশকে রাজনীতিশূন্য করার হীন উদ্দেশ্যেই জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে তাঁদের কারাগারে বন্দী করার অপচেষ্টা চালাচ্ছে।