১১ জুলাই থেকে অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার জমা ও ভাড়া বাড়ানোসহ ১০ দফা দাবি আদায়ে ১১ জুলাই সকাল থেকে রাজধানীতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের নেতারা বলেন, ১১ জুলাইয়ের মধ্যে সিএনজি অটোরিকশাচালকদের দাবি না মেটানো হলে লাগাতার ধর্মঘট এবং প্রতিদিন সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করা হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অটোরিকশা শ্রমিক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দাবি জানান, সদ্য প্রস্তাবিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা বৈধ লাইসেন্সধারী থ্রি হুইলার-চালকদের মধ্যে দ্রুত বিতরণ করতে হবে। সমাবেশে সিএনজিচালকেরা বলেন, ট্রাফিক পুলিশ ও বিআরটিএর কিছু মাস্তান তাঁদের নানাভাবে হয়রানি করে। যাত্রী সেজে তারা সিএনজিতে ওঠে এবং পরে চালকদের ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যায় ও চাঁদা দাবি করে। কোনো কোনো সময় নীরব জায়গায় নিয়ে গিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তাঁরা। পরে চালকদের ৮০ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে ওইসব সিএনজি অটোরিকশা ছাড়িয়ে আনতে হয়।চালকেরা আরও বলেন, সরকার ৬০০ টাকা জমা নির্ধারণ করে দিলেও অটোরিকশা মালিকেরা কোনো কোনো ক্ষেত্রে এক বেলার জন্য (সকাল ছয়টা থেকে বেলা দুইটা) ৮০০ থেকে ৮৫০ টাকা জমা নিচ্ছেন। দুই বেলা মিলিয়ে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন সিএনজির মালিকেরা। সমাবেশে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।