১১ দফা দাবিতে ইডেন কলেজের ছাত্রীদের মানববন্ধন
ভর্তি-বাণিজ্য বন্ধ এবং এর সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে গতকাল শনিবার ইডেন কলেজের ছাত্রীরা মানববন্ধন করেছেন। তাঁরা ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন।বেলা ১১টায় ছাত্রীরা কলেজের সামনে মানববন্ধন শুরু করেন। এ সময় কলেজের ভূতত্ত্ব বিভাগের শিক্ষিকা দিলারা বেগম তাঁদের কলেজের সামনে থেকে সরে যেতে বলেন। এতে ছাত্রীরা কলেজের বিপরীতে রাস্তার পাশে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে ছাত্রীদের একটি প্রতিনিধিদল অধ্যক্ষ মাহফুজা চৌধূরীর কাছে স্মারকলিপি দিতে যান। এ সময় অধ্যক্ষ ছাত্রীদের প্রশাসনিক ভবনে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ করেন ছাত্রীরা। কয়েকজন ছাত্রী প্রথম আলোকে জানান, স্মারকলিপি নিয়ে অধ্যক্ষের কাছে গেলে তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এমনকি স্মারকলিপি তিনি নিজে না নিয়ে দ্বাররক্ষীকে তা নিতে বলেন।এদিকে ইডেন কলেজের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজা চৌধূরীর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল। সাংবাদিকেরা যথাসময়ে কলেজের সামনে উপস্থিত হলেও তিনি সংবাদ সম্মেলন বাতিল করে দেন। ছাত্রীদের অভিযোগের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।ছাত্রীদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, আবাসিক হোস্টেলে সিট-বাণিজ্য বন্ধ করা, কলেজ ক্যানটিনে স্বাস্থ্যকর খাবার দেওয়া, হোস্টেলের ডাইনিংগুলোর অব্যবস্থাপনা দূর করা, ছাত্রীদের মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা, নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে প্রতিটি বিভাগে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি।