১১ দফা দাবিতে ক্যাব মালিক-চালক ঐক্য পরিষদের মানববন্ধন
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি), জ্বালানি তেল, মোটরযানের খুচরা যন্ত্রের মূল্যবৃদ্ধি না করা এবং নতুন ট্যাক্সিক্যাব আমদানি না হওয়া পর্যন্ত পুরোনো ক্যাবের রুট পারমিট বহাল রেখে নবায়ন করার অনুমতি দেওয়াসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্যাক্সিক্যাব মালিক-চালক ঐক্য পরিষদ।গতকাল শনিবার কর্মসূচি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে দৈনিক বাংলা ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। আজ রোববার সংগঠনের পক্ষ থেকে যোগাযোগমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঐক্য পরিষদের মহাসচিব ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব মো. জুলহাস হাওলাদার, ভাড়াটিয়া ঐক্য পরিষদের সমন্বয়কারী বাহারানে সুলতান প্রমুখ। বিজ্ঞপ্তি।