১১ দিন ধরে নিখোঁজ লালবাগের সাইফুদ্দিন
রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সাইফুদ্দিনের খোঁজে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। পরিবারের পক্ষে গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাইফুদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক এস এম বাদশা মিয়া।
বাদশা মিয়া বলেন, ২৮ অক্টোবর সকাল পৌনে সাতটার দিতে কয়েকজন সাইফুদ্দিনকে লালবাগের শহীদনগরের বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে ওই সময় তারা নিজেদের র্যা ব ও গোয়েন্দা পুলিশের পরিচয় দেন। সাইফুদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর পরিবারের লোকজন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দেখা করে; কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ নভেম্বর তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। সাইফুদ্দিনের ব্যাপারে জানতে চাইলে র্যা ব ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।