১১ প্রতিষ্ঠানকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা
ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে গতকাল বৃহস্পতিবার ১১ প্রতিষ্ঠানকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মো. শাহ আলমের নেতৃত্বে মিরপুর-১ শাহ আলী মার্কেট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, নাসির অ্যান্ড ব্রাদার্সকে তিন হাজার টাকা, আশিক অ্যান্ড ব্রাদার্সকে তিন হাজার টাকা, ইয়েস ফাস্টফুড অ্যান্ড বেকারিকে পাঁচ হাজার টাকা, বনফুল অ্যান্ড কোম্পানিকে ৩০ হাজার টাকা, বেকার্স বেকে ২০ হাজার টাকা এবং প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অস্বাভাবিক মূল্যে মসলা বিক্রিসহ অন্যান্য কারণে এ সাতটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৩১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এদিকে অধিদপ্তরে কর্মরত উপসচিব (সংযুক্ত) আবদুর রাশেদ খানের নেতৃত্বে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স এলাকায় অপর অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানে বিসমিল্লাহ জেনারেল স্টোরকে পাঁচ হাজার টাকা, সরাফত ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, নন্দিশাহ স্টোরকে চার হাজার টাকা এবং খাজানা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাভাবিক মূল্যে মসলা বিক্রি করাসহ অন্যান্য কারণে এ চার প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে র্যাব, ক্যাব, ডিএমপি ও জেলা প্রশাসন সহায়তা করে। বিজ্ঞপ্তি।