১১ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন খাবার তৈরি এবং ওজনে কম দেওয়ায় চারটি ভ্রাম্যমাণ আদালত ১১টি প্রতিষ্ঠানকে তিন লাখ ছয় হাজার টাকা জরিমানা করেছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গতকাল বুধবার রাজধানীর গুলশান, মগবাজার, মালিবাগ ও ফকিরেরপুল এলাকায় এই অভিযান চালান। বিএসটিআইয়ের সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গুলশান-১-এর ১২৬ নম্বর রোডের সামারখান্দ রেস্টুরেন্টে অভিযান চালান। এই দোকানের জিলাপিতে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ সোডিয়াম হাইড্রো সালফাইড (হাইড্রোজ) ব্যবহার করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত দোকানটিকে এক লাখ টাকা জরিমানা এবং সেখান থেকে আধা কেজি হাইড্রোজ জব্দ করেন। একই সঙ্গে জিলাপির কারিগর মালু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এরপর গুলশান-১-এর ১৩১ নম্বর রোডের খুশবু রেস্টুরেন্টে হালিম পরিবেশনের জন্য সংরক্ষিত মাটির পাত্রে ইঁদুরের বিষ্ঠা ও পিঁপড়ার ডিম পাওয়ায় আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও দই উৎপাদন করছিল বড় মগবাজারের হাজি বেকারি ও মালিবাগের কফি পার্লার। এ অভিযোগে বিএসটিআইয়ের অন্য একটি ভ্রাম্যমাণ আদালত হাজি বেকারির কারখানা সিলগালা করেন এবং কফি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ওজনে কম দেওয়ায় মালিবাগ মোড়ের মোহাম্মদ আলী ও শুকুর আলীর ফলের দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। আরেকটি ভ্রাম্যমাণ আদালত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়া দই তৈরি ও বিক্রি করায় বিজয়নগরের মুসলিম সুইট এবং কাকরাইলের বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫১ হাজার টাকা জরিমানা করেন। অন্য একটি ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় ফকিরেরপুলের পপি গার্ডেন রেস্টুরেন্ট এবং আতিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। ওজনে কম দেওয়ায় ওই এলাকার আমির হোসেনের ফলের দোকানকে গুনতে হয় এক হাজার টাকা জরিমানা।