ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গতকাল বৃহস্পতিবার ১১ সদস্যকে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাঁদের মধ্যে ১০ জনই এটিএন বাংলার সাংবাদিক। ডিআরইউর কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়।সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এক সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সাংবাদিকদের চারটি ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করেছিল।বহিষ্কৃত সদস্যরা হলেন: এটিএন বাংলায় কর্মরত জহিরুল ইসলাম মামুন (জ. ই. মামুন), কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানষ ঘোষ, এস এম বাবু, মিনহাজুর রহমান রাহাত, শওকত মিলটন, মাহফুজ রহমান মিশু ও মঈনুল আহসান। এ ছাড়া ভোরের কাগজ পত্রিকার শামীম আহমেদকে বহিষ্কার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউর কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্তে উপনীত হয়েছে, এসব সদস্য তাঁদের উচ্ছৃঙ্খলতা দিয়ে সারা দেশে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে হেয়প্রতিপন্ন করেন এবং সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও ডিআরইউর গড়ে তোলা সাংবাদিকদের ঐক্যের প্ল্যাটফর্মকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ডিআরইউর ১১ জন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার ও ডিআরইউতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই ধরনের গর্হিত অপরাধে অভিযুক্ত ভানুরঞ্জন চক্রবর্তী ডিআরইউর সদস্য নন, তাঁকে ডিআরইউ চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।