১১ সাংবাদিককে এবার ডিইউজে থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধনে হামলার অভিযোগে ১১ সদস্যকে বহিষ্কার করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে ডিইউজের সব ইউনিটে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ডিইউজের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন: এটিএন বাংলার বার্তাপ্রধান জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানস ঘোষ ও শওকত মিলটন, জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম বাবু ও মাহফুজ রহমান মিশু এবং নিজস্ব প্রতিবেদক রাহাত মিনহাজ ও মঈনুল আহসান। অন্যজন হলেন ভোরের কাগজ পত্রিকার প্রতিবেদক শামীম আহমেদ। ইতিমধ্যে তাঁদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকেও বহিষ্কার করা হয়েছে। ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি সাগর-রুনি হত্যার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তারের দাবি করা হয়। ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মাহফুজুর রহমানের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মূল কর্মসূচি শুরুর আগেভাগে বক্তব্য দেওয়ার সময় ডিইউজের এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয় বহিষ্কৃতদের বিরুদ্ধে।