১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার ১১টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অপরাধে ঢাকার পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: গুলশান ১-এর ডিসিসি মার্কেটের মাওলা ট্রেডার্স, তূর্য প্লাজা, মির্জা ট্রেডার্স, অ্যাবাকাস থাই চায়নিজ রেস্তোরাঁ এবং গুলশান ২-এর কার্নিভাল এশিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল কুইজিন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ওই জরিমানা করা হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান ওই অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ওজনে কম দেওয়া এবং ব্যবহূত ওজনযন্ত্র বিএসটিআইয়ের অনুমোদিত না হওয়ায় মতিঝিল ও বাড্ডা এলাকার ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।এর মধ্যে যথাযথ কাগজপত্র না থাকায় এবং প্রতি ১০ লিটার পরিমাপে ৫০ মিলিলিটার তেল কম দেওয়ায় নিপুণা সার্ভিস স্টেশন ও ঢাকা সিএনজি রিফুয়েলিং লিমিটেডকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ব্যবহূত ওজনযন্ত্র বিএসটিআইয়ের অনুমোদিত না হওয়ায় করিম অ্যান্ড সন্স ও বিনিময় সার্ভিস স্টেশনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। স্বপ্ন শপিং মলের ব্যবহূত ওজনযন্ত্র বিএসটিআইয়ের যাচাইবিহীন হওয়ায় ১৫ হাজার টাকা এবং একই কারণে বনফুল অ্যান্ড কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন।