১১টির মধ্যে একটি হল উদ্ধার হলেও ফের আইনি জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল থাকা ১১টি হলের মধ্যে মাত্র একটি উদ্ধার হলেও দফায় দফায় আইনি জটিলতায় তা আটকে যাচ্ছে। গত অক্টোবর মাসে হাবিবুর রহমান হল উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দখলকারীরা সম্প্রতি জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন। এর ফলে হাবিবুর রহমান হলটি উদ্ধার নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। জানা যায়, হলটির মালিকানা দাবি করে মিজানুর রহমান নামে এক ব্যক্তিসহ ১৪ জন ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে একটি বিবিধ মামলা করেছেন। এর আগে শুম্ভনাথ নামে এক ব্যক্তি একই আদালতে মালিকানা দাবি করে মিজানুর রহমানসহ ২২ জনকে বিবাদী করে একটি মামলা করেন। ওই মামলায় মিজানুর রহমানদের ভাড়াটে হিসেবে উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে শুম্ভনাথ নামে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। মিজানুর রহমান নামেও কারও খোঁজ মেলেনি। গত অক্টোবরে হাবিবুর রহমান হল উদ্ধার হয়। এরপর হলটি বসবাসের উপযোগী করার জন্য করণীয় ঠিক করতে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। হলের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থাপনাসহ ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা সরিয়ে নিতে জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক সূত্রে জানা যায়, ২০১০ সালে জেলা প্রশাসক ইজারা বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে ইজারা দেন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দেন। মিজানুর রহমান গং ওই নোটিশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে। উচ্চ আদালত নোটিশের কার্যকারিতা বহাল রাখেন। এ কারণে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার মোহাম্মদ আল আমিন গত অক্টোবরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইজারার জায়গা বুঝিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, তারা আদালতে মামলা করায়, এতে কিছুটা বিলম্ব হতে পারে। কিন্তু এ-সংক্রান্ত বৈধ সব কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে।’ এদিকে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই বাণী ভবন হলটির একাংশ দখল করে রেখেছে স্থানীয় একটি মহল। বেদখল থাকা হল উদ্ধার সম্পর্কে জানতে চাইলে হল উদ্ধার কমিটির আহ্বায়ক নুরুল মোমেন প্রথম আলোকে বলেন, তিনটি হলের জায়গা অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বাকি সাতটি হল বিশ্ববিদ্যালয়ের দখলে আনার জন্য কাজ চলছে। হলের জন্য খাসজমি দখল করলেন শিক্ষার্থীরা: হলের জন্য বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাবাজার এলাকার লিয়াকত এভিনিউতে প্রায় ২২ কাঠার খাসজমি দখল করেছেন শিক্ষার্থীরা। এই জমিতে ছাত্রী হল নির্মাণের দাবি জানিয়ে সম্প্রতি সাইনবোর্ড ঝুলিয়ে দেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জমিটি দীর্ঘদিন দখলদারেরা ব্যবহার করছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের আবাসিক হল নির্মাণের জন্য জমিটি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে আবেদন করে। কিন্তু জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আবেদন অগ্রাহ্য করে একটি স্কুলকে জমিটি বরাদ্দ দেয়। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই জমিতে ছাত্রী হলের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।