১২ ঘণ্টার মাথায় গ্রেপ্তার দুই ছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ। রোববার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, সায়েদাবাদ এলাকায় ছিনতাই করতে গিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন তাঁরা। পরে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তি মারা যান। এই ঘটনার ১২ ঘণ্টার মাথায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সজীব (২০) ও মো. শাকিল (২০)। তাঁরা ফলের ব্যবসা ও রিকশা চালানোর পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। যে পোশাক পরে তাঁরা ছিনতাই করেছিলেন, ওই পোশাক পরা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

শাহ ইফতেখার আহমেদ আরও বলেন, গত ৩১ জানুয়ারি যাত্রাবাড়ী এলাকায় সাইফুল নামের একজনও ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান। গ্রেপ্তার সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে রাজধানীর সায়েদাবাদের দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৫৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তাঁর বাবা মৃত হারুন-অর-রশিদ।

নিহত মোশারফের ভাগনে শাহজালাল বলেন, তাঁর মামা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আদা, পেঁয়াজ ও রসুন বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববারও গেন্ডারিয়ার বাসা থেকে তিনি ভোরে বের হয়েছিলেন।

পুলিশ বলছে, গেন্ডারিয়া থেকে সায়েদাবাদে যাওয়ার পথে এক ছিনতাইকারী মোশারফ হোসেনের বুকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাগনি সোনিয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।