জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় আজকের গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করেছেন ইসলামী ও সমমনা ১২ দলের নেতারা। এর পরিবর্তে ২৭ এপ্রিল কর্মসূচি পালিত হবে। গতকাল বৃহস্পতিবার ১২ দলের নেতারা নতুন এ সিদ্ধান্তের কথা জানান।তবে পুরানা পল্টন এলাকায় আজ নির্ধারিত মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন। এর আগে বায়তুল মোকাররম এলাকায় কাছাকাছি দুটি স্থানে আজ শুক্রবার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ১২ দল ও ইসলামী আন্দোলন। এ নিয়ে কয়েক দিন ধরে ইসলামপন্থী দুটি সংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন, জাতীয় শিক্ষানীতি ও নারীনীতি সংশোধনসহ বিভিন্ন দাবিতে সংগঠন দুটি পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। ১২ দলের নেতারা গতকাল জরুরি বৈঠক করে আজকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন। বৈঠকে উপস্থিত একজন নেতা বলেন, দুই দলের কর্মসূচি ঘিরে কয়েক দিন ধরে ‘সরকারের দোসর’ একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছিল। তাই সংঘাত এড়াতে কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান প্রথম আলোকে বলেন, ‘সরকারের একটি অংশ আমাদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে মতলব হাসিল করতে চায়। শান্তির স্বার্থে আমরা গণমিছিল পরের সপ্তাহে করার সিদ্ধান্ত নিয়েছি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২ দলের পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে সম্ভব হলে কর্মসূচি পেছানো অথবা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থেকে উভয় পক্ষের কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়। এমনকি জুমার নামাজের পর আধ ঘণ্টার ভেতরে গণমিছিল শেষ করার প্রস্তাব দেওয়া হয় ইসলামী আন্দোলনকে। কিন্তু প্রস্তাবে রাজি হয়নি ইসলামী আন্দোলন।ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমাদ প্রথম আলোকে জানান, ‘কাছাকাছি এলাকায় দুটি সংগঠনের কর্মসূচি থাকলে সেখানে আকস্মিক কোনো ঘটনা ঘটে গেলে এর দায়িত্ব নেবে কে?’ পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইসলামী আন্দোলনকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আর তাদের (ইসলামী ও সমমনা ১২ দল) বলেছি, অন্য দিন করতে।’