১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলায় ১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশীদ গতকাল সোমবার এ আদেশ দেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটির এজাহার গতকাল আদালতে পাঠায়। আদালত মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন: রূপালী ব্যাংকের দিলকুশার স্থানীয় কার্যালয়ের সাবেক উপমহাব্যবস্থাপক ও বর্তমানে মহাব্যবস্থাপক এস এম আতিকুর রহমান, ওই কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার আবদুস সামাদ সরকার এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান সিদ্দিক চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দিন।দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম গত রোববার মতিঝিল থানায় এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, এভারেস্ট হোল্ডিংস ২০১০ সালে রূপালী ব্যাংকের দিলকুশার স্থানীয় কার্যালয়ে ২৫ কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করে। ব্যাংকের ওই কর্মকর্তারা সঠিক পরিদর্শন ছাড়া এবং বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে পরস্পরের যোগসাজশে প্রতিষ্ঠানটিকে ১৫ কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন করান ও ঋণ দেন। এ ক্ষেত্রে বিক্রীত জমি ও ফ্ল্যাটকে অবিক্রীত দেখানো হয়।