১২ হাজার শিক্ষার্থীর সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ১২ হাজার শিক্ষার্থীর সই-সংবলিত স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন। তাঁরা জানান, ক্লাসে ক্লাসে গিয়ে তাঁরা এই সই সংগ্রহ করেছেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, মেট্রোরেল প্রকল্পের জন্য অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেড (এইসিএল) নামের একটি প্রতিষ্ঠানের ভূতাত্ত্বিক জরিপে প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় টিএসসি-দোয়েল চত্বর দিয়ে মেট্রোরেলের রুট না করার সুপারিশ করেছিল।
স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার। ক্যাম্পাসের মধ্য দিয়ে মেট্রোরেল হলে হুমকির মুখে পড়বে ইতিহাস-ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড (যেমন: মঙ্গল শোভাযাত্রা, একুশে বইমেলা) এবং সর্বোপরি শিক্ষার পরিবেশ। ক্ষতিগ্রস্ত হবে জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, রাজু ভাস্কর্য, টিএসসির গ্রিক স্থাপনা, বাংলা একাডেমি, তিন নেতার মাজার, ঢাকা গেট, দোয়েল চত্বর, কার্জন হল এবং শিশু একাডেমী।
আন্দোলনকারীদের দাবি, মেট্রোরেলের স্টপেজের কারণে এই এলাকায় অলিখিত যানবাহনের স্ট্যান্ড তৈরি হবে। এর ফলে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি ও প্রকৌশল অনুষদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। এর আগে তাঁরা ‘উন্নয়নের বিরোধী নই, মেট্রোরেলের রুট পরিবর্তন চাই’ স্লোগান নিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে দোয়েল চত্বর ঘুরে কার্জন হল, কলাভবন প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ে যান।
উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনের সমন্বয়ক তাইশা তাশরিন সাংবাদিকদের জানান, তাঁদের দাবির সঙ্গে একমত নন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। রুট পরিবর্তনের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জানাতে বলেছেন উপাচার্য। এ সময় তিনি ৩১ জানুয়ারি রাজু ভাস্কর্যের সামনে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান। যাঁরা মেট্রোরেলের রুট পরিবর্তনের পক্ষে নন, এই আলোচনায় তাঁদের যোগ দিতে আহ্বান জানান তিনি।