১৩ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অননুমোদিত ওজনযন্ত্র ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজধানীর ১৩টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।পণ্যের মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার আলাদাভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান কার্যক্রম পরিচালনা করে।বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ আদালত পলাশী বাজারের ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর, সিটি কনফেকশনারি, রাজধানী কনফেকশনারি, চান মিয়ার মাংসের দোকান এবং আজিমপুরের সৃষ্টি জেনারেল স্টোরে অভিযান চালান। এসব দোকানে অননুমোদিত ওজনযন্ত্র ব্যবহার করা হচ্ছিল। আদালত এ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বেগম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত বনানী ও নয়াপল্টন এলাকায় অভিযান চালান।বনানীতে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে বনানীর বকসি হোটেল, মিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রুচি হোটেল, আমন্ত্রণ হোটেল এবং নিউ কাকলী হোটেল ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেন।অধিদপ্তরের অপর একটি ভ্রাম্যমাণ আদালত নয়াপল্টনের জনকল্যাণ ফার্মেসি ও উত্তর কমলাপুরের মেডিসিন স্কয়ারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় প্রতিষ্ঠান দুটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত নয়াপল্টনের রূপা ফার্মেসিকে মোড়কজাত পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম শেখ এবং এ বি এম বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।