১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদনপত্র দেওয়া হবে। ১৪ অক্টোবর শুরু হবে ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা বা ভর্তি পরীক্ষার ফি সবই আগের মতো রয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের সদস্য আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ভর্তির ক্ষেত্রে সব নিয়ম আগের মতোই রয়েছে। কোথাও কোনো পরিবর্তন আনা হয়নি। ভর্তি পরীক্ষার তারিখ: ১৪ অক্টোবর বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এরপর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের পরীক্ষা ২১ অক্টোবর, বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর এবং বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ২৫ নভেম্বর।ভর্তির যোগ্যতা: সভা সূত্রে জানা যায়, ২০১০ ও ২০১১ সালের উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা অন্যান্য বারের মতোই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে প্রাপ্ত জিপিএর যোগফলকে ধরা হয়েছে। ‘ক’ ইউনিটে জিপিএ ৮.০, ‘খ’ ইউনিটে ৭.০, ‘গ’ ইউনিটে ৭.৫, ‘ঘ’ ইউনিটে মানবিক শাখার ক্ষেত্রে ৭.০, বিজ্ঞান শাখার ক্ষেত্রে ৮.০, ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে ৭.৫ এবং ‘চ’ ইউনিটে ৬.০। ‘ঘ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে গ্রেড পয়েন্ট ৬.০ থাকতে হবে এবং কোনো বিষয়েই লেটার গ্রেড-সি-এর (গ্রেড পয়েন্ট-৩) নিচে হলে আবেদন করা যাবে না।এদিকে জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।শিক্ষার্থীদের আবেদনপত্রের মূল্য গতবারের মতোই ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।