১৪ খাল উদ্ধারে প্রামাণ্যচিত্র তৈরি করে প্রচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ১৪টি খাল উদ্ধারে শিগগিরই এগুলো পরিদর্শন করা হবে। খালগুলো হচ্ছে: কাটাসুর খাল, বেগুনবাড়ী খাল, খিলগাঁও বাসাবো খাল, শাহাজাদপুর খাল, সুতিভোলা খাল, আবদুল্লাহপুর খাল, মহাখালী খাল, দ্বিগুণ খাল, বাউনিয়া খাল ও কল্যাণপুরের পাঁচটি খাল।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই তথ্য জানিয়েছেন। নদীর নাব্যতা ও গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে গতকাল রোববার সকালে বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ওয়াসা ঢাকার ২৬টি খালের একটি তালিকা দিয়েছে। যার অধিকাংশ বিভিন্ন ব্যক্তির দখলে রয়েছে। এর মধ্যে ১৪টি সমস্যাযুক্ত এবং এগুলো উদ্ধারে শিগগির একটি কমিটি গঠন করে সেগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা, এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে শাজাহান খান বলেন, নদী দখলমুক্ত করতে প্রামাণ্যচিত্র তৈরি করে তা বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের বৈঠকে পলি জমে বন্ধ থাকা মাওয়া-কাওরাকান্দি চ্যানেল চালুর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার জানান, দুই দিনের মধ্যে সেখানে ড্রেজার চলে যাবে। ড্রেজিং শেষে সপ্তাহখানেকের মধ্যে চ্যানেলটি পুনরায় চালু করা হবে।